ঈদ পরবর্তী হরতাল প্রত্যাহারের আহ্বান এফবিসিসিআইয়ের

পবিত্র ঈদ নির্বিঘ্নভাবে উদযাপন ও জনগণের যাতায়াতের সুবিধার্থে ঈদ পরবর্তী টানা ৪৮ ঘন্টা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল প্রত্যাহারের জন্য জামায়াতে ইসলামীর প্রতি আহবান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। গতকাল এফবিসিসিআই’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদ পরবর্তী এই হরতাল ব্যবসা-বাণিজ্য ও শিল্প কারখানা চালু রাখা, কর্মজীবীদের কর্মস্থলে যোগদান, ছাত্র-ছাত্রীদের শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম ও পড়াশোনা স্বাভাবিক রাখা ও আপামর জনগণের স্বাভাবিক চলাচল অনিশ্চিত করে তুলবে। রাজধানী ঢাকার বাহিরে নিজ নিজ গ্রামে নিকটজনদের সাথে ঈদ পালনের জন্য ইতিমধ্যেই ঢাকা ত্যাগ করতে শুরু করেছেন লোকজন এবং ঈদ শেষে পরিবারসহ তারা ঢাকায় ফিরে আসবেন। কিন্তু জামায়াতের ডাকা ১২ ও ১৩ আগস্টের ৪৮ ঘন্টা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল সব মহলকে আতংকিত করে তুলছে। তাই দেশের অর্থনৈতিক উন্নয়ন ও জনগণের বৃহত্তর স্বার্থে এই হরতাল প্রত্যাহারের জন্য জামায়াতে ইসলামীর প্রতি এফবিসিসিআই উদাত্ত আহবান জানাচ্ছে।