চাঁদাবাজির দাবিতে দোকানীকে মারধর

জাবির তিন ছাত্রলীগ কর্মী বহিষ্কার

ছাত্রলীগের নেতা-কর্মীদের চাঁদা দাবি ও দোকানীকে মারধরের ঘটনায় অভিযুক্ত ৩ ছাত্রকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। গত শুক্রবার রাতে অনুষ্ঠিত জরুরী ডিসিপ্লিনারি কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। প্রক্টর মুজিবুর রহমান এখবর নিশ্চিত করেছেন। বহিষ্কৃতরা হলেন- নাজমুল হক ভুঁইয়া (১ বছর), মাহমুদুল মিঠু (৬ মাস) ও শেখ আরিফ (৩ মাস)। এরা সবাই বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৩৯তম ব্যাচের ছাত্র। অভিযুক্তদের বিরুদ্ধে দোকান মালিক জহিরুল ইসলাম প্রক্টর বরাবর লিখিত অভিযোগ করলে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সিদ্ধান্ত নেয়। এ ছাড়া ঘটনার অধিকতর তদন্তে প্রক্টরকে প্রধান করে ৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। গত শুক্রবার বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেইটের ‘আনোয়ারা কনফেকশনারি এন্ড জেনারেল স্টোর’ এর মালিক জহিরুল ইসলামের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে অভিযুক্তরা। চাঁদা দিতে অস্বীকার করলে এক স্কুল ছাত্রসহ দোকানীকে বেধড়ক মারধর করে ছাত্রলীগ কর্মীরা।