শেষ মুহূর্তের ঈদ শপিংয়ে ব্যস্ত রাজধানীবাসী
প্রকাশ : ০৪ আগস্ট ২০১৩, ২৩:০৬
শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত রাজধানীবাসী। শুক্রবার ও শনিবার ছুটির দিনে ঈদ বাজারে ছিল মানুষের উপচে পড়া ভিড়। রাজধানীর সব কটি মার্কেটে ছিল ‘ঠাঁই নেই ঠাঁই নেই’ অবস্থা! ঈদ বাজারে কেনাকাটা করতে আসা মানুষের ভিড় মার্কেট ছাড়িয়ে রাজপথে এসে ঠেকে। যার কারণে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে যানজটের সৃষ্টি হয়। শুধু নামি-দামি মার্কেট নয়; ঈদ বাজারের ভিড় এখন প্রতিটি মার্কেট ও ফুটপাতে।
রমজানের শেষ সময়ে কেনাকাটায় যার যা বাদ পড়েছে তাই কিনতে বেরিয়েছেন। শেষ সময়ে তাই জমজমাট হয়ে উঠছে ঈদের কেনাকাটা। রাজধানীর মীরপুর সড়ক ও পান্থপথের সড়কে দেখা যায় তীব্র যানজট ও মানুষের ভিড়। এই তীব্র যানজট জানান দেয় লোকজন শেষ মুহূর্তের কেনাকাটায় বেরিয়েছেন বাইরে। এখন আর কেউ ঘুরে ফিরে দেখছেন না। সবাই কেনাকাটায় ব্যস্ত। দোকানদাররাও খুশি। অনেক দোকানে নতুন কালেকশন ও ডিজাইন প্রায় শেষ।
দোকানীরা বলছেন, মেয়েদের পাশাপাশি ছেলেরাও এখন যথেষ্ট ফ্যাশন সচেতন। তরুণ-যুবকদের পছন্দের শীর্ষে রয়েছে সেমি লং পাঞ্জাবি। গরমে ঈদ হওয়ার পরেও তরুণ-যুবকরা পাঞ্জাবির মধ্যে কালো, নেভি-ব্লু, বেগুনি, মেরুন, ফিরোজা ইত্যাদি গাঢ় রঙই পছন্দ করছেন। গতকাল গাউসিয়া, চাঁদনি চক, নিউমাকের্ট, বসুন্ধরা সিটি, আজিজ সুপারমাকের্ট ও মিরপুর রোর্ডের দোকানগুলো ঘুরে দেখা যায় ক্রেতাদের উপচে পড়া ভিড়।
রাজধানীর ফুটপাতগুলো থেকে শুরু করে মিরপুর রোডে অবস্থিত আড়ং, সানরাইজ প্লাজা, রাপা প্লাজা, মেট্রো, অরচার্ড প্লাজা, প্লাজা এ আর, ক্রিসেন্ট মার্কেটসহ বুটিকশপগুলোতে ক্রেতাদের ভিড় ছিল লক্ষণীয়। এছাড়া বসুন্ধরা সিটি, নিউমার্কেট, আজিজ সুপার মার্কেট, চাঁদনি চক, এলিফ্যান্ট রোডের দোকানপাট, ফার্মগেটের সব মার্কেট, ফুটপাথ, সেজান পয়েন্ট, গুলিস্থানের পুরো এলাকা, মিরপুর মুক্তিযোদ্ধা মার্কেট, খিলক্ষেতের রাজউক ট্রেড সেন্টার, উত্তরার নর্থ টাওয়ার, রাজলক্ষ্মী কমপ্লেক্সসহ মার্কেটগুলোতে ঘুরে এ চিত্র দেখা যায়।
মাসের প্রথম সপ্তাহে ছুটির দিন হওয়ায় চাকরিজীবী, ব্যবসায়ীসহ সব পেশার মানুষকে দেখা গেছে পরিবার-পরিজন নিয়ে ঈদের কেনাকাটায় ব্যস্ত সময় কাটাতে। ছুটির দিনেও যানজটও ছিল অসহনীয়। ফার্মগেট, এলিফ্যান্ট রোড, পান্থপথ, শাহবাগ, উত্তরা, গুলিস্থানসহ প্রায় সব এলাকার রাস্তার উভয়পাশে শত শত গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা গেছে ঘণ্টার পর ঘণ্টা।