ভাণ্ডারিয়ায় বিদেশে পাঠানোর নামে প্রতারণার অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার

বিদেশে লোক পাঠানোর নামে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে গত শুক্রবার রাতে ঝালকাঠীর কাঁঠালিয়া উপজেলার মোতালেব নামের এক ব্যক্তিকে বিনাপানি বাজার থেকে গ্রেফতার করেছে ভাণ্ডারিয়া থানা পুলিশ। অভিযোগে বলা হয়েছে, উপজেলার উত্তর পৈকখালী গ্রামের তৈয়বুর রহমানের ছেলে রাসেল ও ভাগ্নে সাইদুল ইসলামকে দুবাই পাঠানোর নামে মোতালেব ২ কিস্তিতে ৪ লাখ ৬০ হাজার টাকা নেন। পরবর্তীতে মোতালেব ওই দু’জনের ভিসা অবৈধভাবে অন্য লোকের কাছে বিক্রি করে দেন। বিষয়টি তৈয়বুর রহমান জানতে পেরে এ নিয়ে স্থানীয় পর্যায় কয়েক বার শালিস বৈঠক হয়। শালিসে মোতালেব টাকা ফেরত দেয়ার কথা বললেও শেষ পর্যন্ত কোন টাকা পরিশোধ করেননি। গত ২৮ জুলাই ভাণ্ডারিয়া থানায় এ ব্যাপারে অভিযোগ করেন তৈয়বুর রহমান। এ অভিযোগের ভিত্তিতেই মোতালেবকে গ্রেফতার করা হয়।