বরিশালে চালককে মারধর টেম্পো-মাহেন্দ্র চলাচল বন্ধ

চালককে মারধরের ঘটনায় বরিশালের ১০টি অভ্যন্তরীণ রুটে টেম্পো ও স্থানীয় পরিবহন মাহেন্দ্র চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে শ্রমিক ইউনিয়ন। গতকাল শনিবার এক চালককে রূপাতলী এলাকায় বাস চালকরা মারধর করলে প্রতিবাদে আলফা মাহেন্দ্র চলাচল বন্ধ করে দেয়া হয়। বরিশাল টেম্পো-মাহেন্দ্র শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কামাল সরদার জানান, ঈদের সময় এলেই অতিরিক্ত লাভের আশায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতু দিয়ে মাহেন্দ্র চলাচল বন্ধ করে দেয় রুপাতলী বাস মালিক সমিতির নেতারা। চলতি বছর ইউনিয়নের চালকরা যাত্রী পরিবহন করলে গতকাল বাস মালিক সমিতির নেতারা মাহেন্দ্রর চালকদের মারধর করে। এ অভিযোগ অস্বীকার করে রুপাতলি বাস মালিক সমিতির সাধারন সম্পাদক জানান, হাইওয়ে রোডে মাহেন্দ্র চলাচলের কোন অনুমতি নেই। প্রশাসনের উপস্থিতে ওই পরিবহন বন্ধ করা হয়েছে। এবিষয়ে উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) টিএম মোজাহিদুল ইসলাম জানান, বিষয়টি সমাধানে উভয় পক্ষকে নিয়ে একটি আলোচনা সভার আহবান করা হয়েছে।যাত্রীদের দুর্ভোগের কথা চিন্তা করে শিগগিরই পদক্ষেপ নেয়া হবে বলে তিনি জানান।