ফকিরহাট (বাগেরহাট) সংবাদদাতা
বাগেরহাটের ফকিরহাট এলাকা থেকে ৪র্থ শ্রেণির স্কুলছাত্রকে পাচারকালে সন্দেহভাজন এক পাচারকারীকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে ইয়াসিন মীর (১১) নামের ওই শিশুকে ফুসলিয়ে পাচারের উদ্দেশ্যে ঢাকা নিয়ে যাওয়ার পথে কাটাখালী বাসস্ট্যান্ড থেকে তাকে উদ্ধার করে পুলিশে দেয় স্থানীয়রা।
নড়াইল জেলার লোহাগাড়া এলাকার শামীম মীরের ছেলে ও লোহাগাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ইয়াসিন জানায়, দু’দিন আগে বাড়ি থেকে অভিমান করে পালিয়ে আসে সে। যশোর বাসস্ট্যান্ডে আসলে তাকে বেড়াতে যাওয়ার কথা বলে ফুসলিয়ে নিয়ে আসে বাগেরহাটের মোংলা এলাকার অভিজিত মৃধা।
ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ আবু জাহিদ শেখ বলেন, সোমবার রাতে ইয়াসিন মীর নামে এক শিশুসহ সন্দেহভাজন পাচারকারী অভিজিত মৃধাকে আটক করে স্থানীয়রা থানায় খবর দেয়। কাটাখালী বাসস্ট্যান্ড থেকে অসুস্থ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিত্সা শেষে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। সন্দেহভাজন শিশু পাচারকারীকে জিজ্ঞাসাবাদ চলছে। শিশুটির পরিবারকে খবর পাঠান হয়েছে।