এইচএসসি পরীক্ষার হিসাববিজ্ঞান
কামরুল হাসান দিপু প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ গ্রীনফিল্ড কলেজ, মিরপুর-ঢাকা ১২১৬।
প্রকাশ : ০৫ আগস্ট ২০১৩, ২০:৪৪
প্রশ্ন-২ অনাদায়ী পাওনা সঞ্চিতি কি ? কিভাবে এটি হিসাবভূক্ত হয় ? অথবা এটি সংরক্ষণের উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা আলোচনা কর ?
উত্তর ঃ অনাদায়ী পাওনা সঞ্চিতি এক প্রকার অনুমান ভিত্তিক খরচ। ধারে পণ্য বিক্রয়ের ফলে যে দেনাদার সৃষ্টি হয় তারা সকলে নির্দিষ্ট সময়ে সম্পূর্ণ টাকা পরিশোধ করবে এরূপ ধারণা ঠিক নয়। হিসাববিজ্ঞানের আয়-ব্যয় সমন্বয় নীতি (Matching Concept) অনুসারে যে সকল খরচ আয় উপার্জনের জন্য ব্যয় করা হয় সে সকল খরচকে উক্ত আয়ের সহিত সমন্বয় করে মুনাফা বা ক্ষতি নির্ণয় করা হয়।
সাধারণভাবে বলা যায়, বিবিধ দেনাদারের নিকট পাওনার যে অংশ আদায় সম্পর্কে সন্দেহ থাকে তাকে সন্দেহজনক পাওনা বলে। সন্দেহজনক পাওনার ক্ষতিপূরণের জন্য যে সঞ্চিতির ব্যবস্থা রাখা হয় তাকে অনাদায়ী পাওনা সঞ্চিতি বলে। বিশেষভাবে বলা যায় ভবিষ্যতে অনাদায়ী পাওনা জনিত ক্ষতি পূরণের জন্য মুনাফার যে অংশ আলাদাভাবে রাখা হয় তাকে অনাদায়ী পাওনা সঞ্চিতি বলে।
পরিশেষে বলা যায় অনাদায়ী পাওনা সঞ্চিতি হল প্রতিষ্ঠানের ভবিষ্যত সম্ভাব্য ক্ষতির একটি অগ্রিম ব্যবস্থা। প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ও আর্থিক চিত্র সঠিকভাবে নির্ণয় করতে হলে এ জাতীয় ভবিষ্যত ক্ষতির পর্যাপ্ত ব্যবস্থা রাখতে হবে। সুতরাং বরঅ যায় অনাদায়ী পাওনা সঞ্চিতি প্রতিষ্ঠানের এক প্রকার অর্ন্তদায় যা মুনাফা থেকে সৃষ্টি করা হয়। নিম্নলিখিত প্রক্রিয়ায় অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাবভুক্ত হয় ঃ অনাদায়ী পাওনা সঞ্চিতির জন্য সনাতন পদ্ধতিতে লাভলোকসান হিসাবকে ডেবিট এবং অনাদায়ী পাওনা সঞ্চিতিকে ক্রেডিট করা হয়। এবং উদ্ধৃত্তপত্রে বিবিধ দেনাদার থেকে বাদ দিয়ে দেখানো হয়।
আধুনিক পদ্ধতিতে অনাদায়ী পাওনাকে ডেবিট এবং অনাদায়ী পাওনা সঞ্চিতিকে ক্রেডিট করা হয়। অতঃপর অনাদায়ী পাওনাকে লাভলোকসান হিসাবে স্থানান্তর করা হয় এবং সঞ্চিতিকে দেনাদার থেকে বাদ দিয়ে দেখানো হয় বা উদ্ধৃত্তপত্রের দায় পার্শ্বেও দেকানো যায়।