ধানের চেয়ে ভুট্টাচাষে দ্বিগুণ লাভ পাচ্ছেন মোরেলগঞ্জের চাষিরা

মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা

ধানের বাজারে দাম পাচ্ছে না মোরেলগঞ্জের চাষিরা। এবার ধানের পরিবর্তে ভুট্টা চাষ করে কৃষক দ্বিগুণ দাম পাচ্ছে। যার কারণে ধানের বিকল্প হিসেবে ভূট্টা চাষে তারা বেশি আগ্রহী। স্বল্প খরচে অধিক ফলন, অপর দিকে ধানের চেয়ে দ্বিগুণ দাম পাওয়ায়ও বেজায় খুশি।

উপজেলার বলইবুনিয়া ইউনিয়নের কিসমত জামুয়া গ্রামের চাষি শাহ আলম খান ৯৯ শতক জমিতে ভূট্টার আবাদ করেন। জমিতে নিজ শ্রম দিয়ে তার খরচ হয়েছে ৮ হাজার টাকা। অগ্রহায়ণ মাসে আবাদ করে বৈশাখ মাসের শেষ দিকে ফসলের কর্তন ও বিক্রি শুরু করেন। এ বছরে তার জমিতে সাড়ে ১৩ হাজার মোচা উত্পাদিত হয়েছে। এক একটি ভুট্টার মোচা পাইকারি ৫ টাকা ও খুচরা ১০ টাকায় বিক্রি হয়। যার পাইকারি মূল্য হবে ৬৭ হাজার ৫০০ টাকা। মণ দরে ৯০০ টাকা। একই জমিতে ধান চাষ করলে তিনি ৪০ মণ ধান পেতেন, যার বর্তমান বাজার দর সর্বোচ্চ ২০ হাজার টাকা বলে জানান তিনি।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সিফাত আলমারুফ জানান, তাপমাত্রা যে হারে বৃদ্ধি হচ্ছে সে ক্ষেত্রে ধানের চেয়ে ভুট্টা চাষে বাম্পার ফলনের সম্ভাবনা বেশি। তা ছাড়া ধানের চেয়ে ভুট্টার দাম দ্বিগুণ। তাই ভুট্টা চাষে কৃষকরা বেশি আগ্রহী হচ্ছে।