প্রতিবন্ধী কিশোর ভ্যান চালিয়ে সংসার চালায়
ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা
প্রকাশ : ০৫ আগস্ট ২০১৩, ২১:৪৯
যে বয়সে বই-খাতা নিয়ে স্কুলে যাওয়ার কথা, সেই বয়সে ভ্যানের প্যাডেলে পা রেখে জীবিকার সন্ধানে ছুটছে ভালুকার সোনাখালী গ্রামের দিনমজুর রফিকুল ইসলামের পুত্র অঙ্গ প্রতিবন্ধী কিশোর আবু হানিফ। ৪ বছর বয়সে স্যালো মেশিনে তার ডানহাত কাটা পড়ে। বাবা রফিকুল ইসলাম মানুষের বাড়িতে দিনমজুরী কাজ করে যে টাকা আয় করে তা দিয়ে সংসার ভাল চলে না। ফলে বাধ্য হয়ে এক হাতহারা পঙ্গু আবু হানিফকে বাবার সংসারে অর্থ যোগান দিতে ভ্যান নিয়ে রাস্তায় নামতে হয়। সংসারে মা হামিদা ছাড়াও রহিমা নামে ৬ বছর বয়সী এক বোন রয়েছে আবু হানিফের। ছোট বোন রহিমা স্থানীয় একটি স্কুলের প্রথম শ্রেণীর ছাত্রী। হানিফের ইচ্ছা তার বোন রহিমা লেখাপড়া করে বড় হবে। মঙ্গলবার ভালুকা উপজেলার মল্লিকবাড়ী বাজারে ভ্যানে করে কয়েকজন যাত্রী নিয়ে আসার পথে কথা হয় হানিফের সাথে। সে জানায়, সংসারের অভাবের তাড়নায়, প্রতিদিন তাকে জীবনের ঝুঁকি নিয়ে ভ্যান চালাতে হচ্ছে। তবে পাকা সড়কে এক হাতে ভ্যান চালাতে তার কোন কষ্ট হয় না। ভ্যান চালিয়ে প্রতিদিন রোজগার করছে ১শ’ থেকে ১৫০ টাকা। যা বাবার সংসারে খরচ করা হচ্ছে।