জগন্নাথপুরে লন্ডনী বধূ হত্যায় গ্রেফতার ২

জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের পাটলী ফরিদপুর গ্রামের লন্ডন প্রবাসী রেহেনা বেগম (৪০) কুপিয়ে হত্যাসহ অপর ৫ জনকে আহত ও দেহ থেকে হাত বিচ্ছিন্ন করার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। শনিবার নিহত রেহেনা বেগমের বোন জামাই আবুল লেইছ মিয়া বাদী হয়ে বশির আহমদকে প্রধান আসামি করে ১২ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক রফিকুল ইসলাম গত রবিবার গভীর রাতে পাটলী গ্রামে অভিযান চালিয়ে প্রধান আসামী পাটলী ফরিদপুর গ্রামের আবরু মিয়ার পুত্র বশির আহমেদ (৫০) ও সাজু মিয়াকে (১৮) গ্রেফতার করেছেন। উল্লেখ্য, পাটলী ফরিদপুর গ্রামের আশিক মিয়ার পুত্র শামীম আহমদ বিগত ৭ বছর পূর্বে তার আপন চাচাতো বোন ব্রিটিশ সিটিজেন তরুণীকে তার কাছে বিয়ে না দেয়ায় বিরোধের সৃষ্টি হয়। এর জের ধরে গত শুক্রবার দিন-দুপুরে বাড়ির পুকুর পাড়ে প্রকাশ্যে শামীমসহ তার আপন ৩ ভাই সুহেল, রুয়েল, সেলিম গং রেহেনা বেগমকে কুপিয়ে নৃশংস কায়দায় হত্যা করে। এসময় হত্যাকাণ্ডের বিভত্স্য চিত্র দেখে খুনীদের কবল থেকে রক্ষা করতে পুকুর পাড়ে ছুটে আসা নিহত রেহেনার বোনের মেয়ে কলেজ ছাত্রী সুনিয়া বেগমের বাম হাতটি দেহ থেকে বিচ্ছিন্ন করে দেয় খুনীরা। এসময় নিহত রেহেনার বোন রাবিয়া বেগম, রুপিয়া বেগম ও বোনের সন্তান ফারজানা বেগম এবং রুমন আহমদকে দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়।