আন্দোলনের নামে নাশকতা হলে মোকাবেলা করা হবে

পুলিশের আইজিপি হাসান মাহমুদ খন্দকার বলেছেন, ঈদের পরে আন্দোলনের নামে যদি কোন নাশকতা করা হয়, তা কৌশলগতভাবেই মোকাবেলা করা হবে। শনিবার দুপুরে রংপুর পুলিশ হলে রংপুর বিভাগের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আইজিপি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় জীবন বাজি রেখে কাজ করবে পুলিশ। যেখানে যে মাত্রায় অপরাধ সংঘটিত হবে, সেখানেই সেই মাত্রায় দায়িত্ব পালন করা হবে। রংপুর নগরীকে মেট্রোপলিটন নগরী হিসেবে উন্নীত করার বিষয়টি প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি। রংপুর রেঞ্জের ডিআইজি ইকবাল বাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে আইজিপি পুলিশ সদস্যদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার জন্য আহ্বান জানান।