রিয়ালের মুখোমুখি মরিনহো!
প্রকাশ : ০৫ আগস্ট ২০১৩, ২২:১৭
কেভিন ডি ব্রুনে এবং আন্দ্রে শুরেলের দুই গোলে এসি মিলানকে ২-০ গোলে হারিয়ে প্রাক মৌসুম প্রস্তুতিমূলক টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স কাপের ফাইনালে উঠেছে চেলসি। আগামী বুধবার মিয়ামির সান লাইফ স্টেডিয়ামে প্রথমবারের মত আট দলের প্রীতি এ টুর্নামেন্টের ফাইনালে হোসে মরিনহোর চেলসি তার সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে। গত মৌসুম শেষে রিয়াল মাদ্রিদ ছাড়ার পর এবারই প্রথম সাবেক ক্লাবের মুখোমুখি হবেন মরিনহো।
দুই মাস আগে রিয়াল মাদ্রিদ ছেড়ে মরিনহো লন্ডন ক্লাবটিতে দ্বিতীয়বারের মত যোগ দেন। এর আগে ২০১০ সাল থেকে শুরু করে গত জুন মাস পর্যন্ত স্প্যানিশ ক্লাবটিতেই ছিলেন মরিনহো। এ নিয়ে ৩২ বারের মত স্প্যানিশ জায়ান্টরা ইংলিশ ক্লাব চেলসির ক্লাবটির মুখোমুখি হবে। রবিবারের ম্যাচ শেষে অনেকটা কৌতুক করেই মরিনহো বলেন, ‘মৌসুম শুরুর আগে রিয়াল মাদ্রিদ এ টুর্নামেন্ট খেলতে পারছে; কারণ আমি তাদের এখানে (যুক্তরাষ্ট্র) আসার ব্যবস্থা করেছিলাম। আমি অনেক বেশি পেশাদার। তখনো আমি নিশ্চিত ছিলাম না যে আগামী মৌসুমে আমি তাদের সাথে থাকবো কি না। তাই আমি আগেই প্রাক মৌসুম প্রস্তুতির সময়সূচি ঠিক করে রেখেছিলাম।’ আর শুধু মরিনহো নয়; একই অভিজ্ঞতার সামনে পড়তে হবে রিয়াল মাদ্রিদের নতুন কোচ কার্লো অ্যানচেলত্তিকে। ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত চেলসির প্রধান কোচ ছিলেন এ ইতালিয়ান। প্রথম মৌসুমেই ব্লুজদের প্রিমিয়ার লিগ আর এফএ কাপের শিরোপা এনে দিয়ে বাজিমাত করেছিলেন তিনি।
শনিবার এভারটনকে লস অ্যাঞ্জেলসে ২-১ গোলে পরাজিত করে ফাইনালে উঠে রিয়াল মাদ্রিদ। প্রথম দুই ম্যাচে একমাত্র দল হিসেবে এখন পর্যন্ত কোন গোল হজম করেনি চেলসি। অন্যদিকে এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ পাঁচ গোল দিয়েছে রিয়াল। রবিবারে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল শুরুর চার মিনিটের মধ্যেই চেলসিকে এগিয়ে দেবার সুযোগ পেয়েছিলেন ব্রানিস্ল¬াভ ইভানোভিচ। বাম দিক থেকে তার প্রচেষ্টা একাই রক্ষা করেন মিলান গোলরক্ষক ক্রিস্টিয়ান আবিয়াতি। ১২ মিনিটে মিলানের পক্ষে জার্মান মিডফিল্ডার কেভিন-প্রিন্স বোয়াটেং প্রথম সুযোগটি নষ্ট করার পরে ইভানোভিচের হেড পোস্টের উপর দিয়ে বাইরে চলে যায়।
২২ মিনিটে ডি ব্রুনের গোল অফ সাইডের কারণে বাতিল হয়ে যায়। কিন্তু শেষ পর্যন্ত ২৯ মিনিটে চেলসি এগিয়ে যাবার সুযোগ সৃষ্টি করে। বামদিক থেকে ইডেন হ্যাজার্ডের পাস থেকে অনেকটা ফাঁকায় দাঁড়ানো ডি ব্রুনে কোনাকুনি শটে দলকে এগিয়ে দেন। ২২ বছর বয়সী এ বেলজিয়ান ২০১২ সালে জেনাক থেকে ট্রান্সফার হয়ে চেলসিতে আসলেও ওয়ার্ডার ব্রেমেনের হয়ে ধারে গত মৌসুমটা কাটিয়েছেন। দ্বিতীয় গোলটি পেতে চেলসিকে ইনজুরি টাইম পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। ভিক্টর মোসের কাছ থেকে পাস পেয়ে শুরেল চেলসির পক্ষে দ্বিতীয় গোলটি করতে কোন ভুল করেননি। ২২ বছর বয়সী এ জার্মান জাতীয় দলের উইঙ্গার গত জুনে লিভারকুসেন থেকে ২১ মিলিয়ন ইউরোর বিনিময়ে চেলসিতে যোগ দিয়েছিলেন।