ক্রিকেট বোর্ডের নির্বাচন

অবশেষে চিঠি গেছে ক্রীড়া পরিষদে

সর্বশেষ সভার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এডহক কমিটি জানিয়েছিল, এখন তারা দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের উদ্যোগ নিতে জাতীয় ক্রীড়া পরিষদকে (এনএসসি) চিঠি দেবে। সেই চিঠি আজ-কাল করে গতকাল পাঠানো হয়েছে এনএসসিতে। যদিও এনএসসি সে চিঠি পেয়েছে, এমন নিশ্চিত তথ্য পাওয়া গেল না। কিন্তু বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন নিশ্চিত করলেন, ‘বিসিবির নির্বাচন অনুষ্ঠানের জন্য উদ্যোগ নেয়ার অনুরোধ জানিয়ে আমরা আজই (গতকাল) এনএসসিকে চিঠি পাঠিয়েছি। এখন তারাই পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন।’ এনএসসির ক্রীড়া পরিচালক হাইয়ুল কাইয়ূম সেই পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বললেন, ‘চিঠি সম্ভবত অফিস রিসিভ করেছে। আমি এখনও দেখিনি। চিঠি দেখে বলতে পারবো, ঠিক কী বলা হয়েছে। নির্বাচনের জন্য বলা হলে আমরা সংশ্লিষ্ট ফেডারেশনের সর্বশেষ অনুমোদিত গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন আয়োজনের ব্যবস্থা নেব। নির্বাচন কমিশনার নিয়োগ হবে। তিনিই আসলে নির্বাচনের খুটিনাটি পরিচালনা করবেন। এছাড়া আমরা সব ফেডারেশন ও সংস্থার সম্মতিতে একটি নির্বাচনী বিধিমালা প্রণয়ন করতে যাচ্ছি। যদি সংশ্লিষ্ট সংস্থার গঠনতন্ত্রে কোনো অস্পষ্টতা থাকে, তাহলে নির্বাচনী বিধিমালা মোতাবেক পরিচালনা করবেন কমিশনার।’