নামকরণের অশুভ প্রতিযোগিতা বন্ধ হওয়া জরুরি
প্রকাশ : ০৫ আগস্ট ২০১৩, ২২:২৮
স্থানীয় সরকার মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বাংলাদেশ এক অদ্ভুত দেশ। এদেশে নাম নিয়ে চলছে বাণিজ্য। ইউরোপের কোন দেশে কারো মৃত্যুর অন্তত দশ বছর পর ‘কনসিডার’ করা হয় তার নামে কোন প্রতিষ্ঠান করা যায় কিনা। অথচ আমাদের দেশে মৃত্যু তো দূরের কথা, জীবিত অবস্থায়ই ব্যক্তির নামে গজিয়ে উঠে নানা প্রতিষ্ঠান। যাদের কোন বিন্দুমাত্র যোগ্যতা নেই, শিল্প, সাহিত্য, রাজনীতি কিংবা জাতীয় জীবনে যাদের কোন ‘সিগনিফিক্যান্ট’ অবদান নেই, তাদের নামেও প্রতিষ্ঠিত হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান। তিনি এই অশুভ প্রতিযোগিতা বন্ধ করার আহবান জানান।
গতকাল সোমবার দুপুরে কিশোরগঞ্জ প্রেসক্লাবের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মিলনায়তনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে মন্ত্রী এসব কথা বলেন। তিনি আরো বলেন, এক সরকারের আমলে নাম দেয়া হয়, আরেক সরকার এসে সেটা পরিবর্তন করে। আমি এই কালচারের পক্ষে নই। আমি তিনবার এমপি হয়েছি, দুইবার মন্ত্রী হয়েছি। কিন্তু আমি নিজের নামে কোন প্রতিষ্ঠান তো দূরের কথা, মুরগীর খোয়াড়েরও নাম দিইনি। কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এ কে নাছিম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন রেজোয়ান আহমেদ তৌফিক এমপি, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, আওয়ামী লীগের জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ ওয়াহিদুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহীন খান প্রমুখ। পরে মন্ত্রী জেলা পরিষদ আয়োজিত অনুষ্ঠানে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে রিকশা, সেলাই মেশিন, কম্পিউটার ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তির চেক বিতরণ করেন।