কুমিল্লা ও ফতুল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫

কুমিল্লা ও ফতুল্লায় সড়ক দুর্ঘটনায় গতকাল সোমবার ৫ জন নিহত এবং ৪ জন আহত হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় একই স্থানে ২০ ঘন্টার ব্যবধানে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত ও ২ জন আহত হয়েছে। গত রবিবার রাতে ও গতকাল পৃথক দু’টি দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কের জেলার বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়। নিহত পিকআপ ভ্যানের যাত্রী কুমিল্লা মহানগরীর কাঁটাবিল এলাকার খলিল (২৫) ও মনির (২৫)। আহতদেরকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। ময়নামতি হাইওয়ে পুলিশের ওসি জানান, দুর্ঘটনা কবলিত বাস ও পিকআপ ভ্যান আটক করা হয়েছে। এর আগে রবিবার রাতে মহাসড়কের একই স্থানে ট্রাক চাপায় জেলার চান্দিনা উপজেলার বাড়েরা গ্রামের জসিম (১৭) ও একই উপজেলার রারিরচর গ্রামের বিল্লাল হোসেন (২৫) নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এদিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় গতকাল ট্রাকের চাপায় রাহাতুন খাতুন (৫২) নামের এক মহিলার মৃত্যু হয়েছে। পুলিশ ওই ট্রাক ও এর চালককে আটক করেছে। নিহত রাহাতুন খাতুন ফতুল্লার লামাপাড়া এলাকার মৃত আকতারউদ্দিনের স্ত্রী।