বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ
দুইশ নবজাতককে উপহার দিলেন চট্টগ্রাম মেয়র
প্রকাশ : ০৫ আগস্ট ২০১৩, ২২:৫৩
চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত বিভিন্ন হাসপাতালে প্রায় দুইশ নবজাতককে উপহার দিয়েছেন চট্টগ্রামের সিটি মেয়র এম মনজুর আলম। বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে গতকাল সোমবার মেয়রের পক্ষ থেকে এ উপহার দেয়া হয়। সকালে নগরীর মেমন মাতৃসদন হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠানে উপহার সামগ্রী নবজাতকদের মায়েদের হাতে তুলে দেন সিটি মেয়র।
একইদিন মেয়র চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে প্রায় ৫ হাজার কারাবন্দী ও কয়েদীর মাঝে ইফতার ও ঈদ বস্ত্র বিতরণ করেন। মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে এসব ইফতার সামগ্রী ও ঈদ বস্ত্র প্রদান করা হয়।
সিটি মেয়র নগরীতে ছিন্নমূল পথশিশুদের জন্য নতুন জামা বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন। রেডিও টুডে’র উদ্যোগে গতকাল থেকে এ কর্মসূচি শুরু হয়েছে।
নগরীর থিয়েটার ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী এমপি, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম ও টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ।