বেতন বোনাসের দাবিতে সাভারে রানা প্লাজার শ্রমিকদের বিক্ষোভ
প্রকাশ : ০৫ আগস্ট ২০১৩, ২২:৫৪
সাভারে বেতন ও ঈদ বোনাসের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে গতকাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বিধ্বস্ত রানা প্লাজার বেঁচে যাওয়া শ্রমিক ও তাদের স্বজনরা।
গতকাল সোমবার বেলা ১০টায় তারা ধসে পড়া রানা প্লাজার সামনে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করে। এসময় পুলিশ বিক্ষুব্ধ শ্রমিকদের উপর লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়।
পুলিশ জানায়, সকালে রানা প্লাজার সামনে অবস্থান নিয়ে ধসে পড়া রানা প্লাজার ক্ষতিগ্রস্ত শ্রমিক ও তাদের স্বজনরা বিপ্লবী শ্রমিক কমিটির ব্যানারে বেতন ও ঈদ বোনাসের দাবিতে বিক্ষোভ করতে থাকে। এক পর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করলে পুলিশ তাদের বাধা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এসময় বিক্ষুব্ধ শ্রমিকদের উপর লাঠিচার্জ করে পুলিশ। এসময় পুলিশের সাথে শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় মহাসড়কে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে।
সাভার মডেল থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল জনান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে ধসে পড়া রানা প্লাজার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।