প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টা চলছে :নানক

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক উদ্বেগ প্রকাশ করে বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বার বার হত্যার চেষ্টা করা হয়েছে। এই আগষ্ট মাসেই তাকে গ্রেনেডের মাধ্যমে হত্যার চেষ্টা করা হয়েছিল। এখন আবার যখন শেখ হাসিনার নেতৃত্বে জাতি ঘুরে দাঁড়িয়েছে, তখন তাকে হত্যা করে জাতিকে নেতৃত্ব শূন্য করার চেষ্টা করা হচ্ছে। তবে হত্যাকারীদের মনে রাখতে হবে আজকের বাংলাদেশে ৭৫’র সেই অবস্থা নেই। গতকাল সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে এক আলোচনা সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন। শেখ কামালের ৬৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে ছাত্রলীগ এ সভার আয়োজন করে। সভায় নানক বলেন, শেখ কামালকে শুধু হত্যা করা হয়নি, আগে তার বিরুদ্ধে বিভিন্ন কুত্সা রটনা করা হয়েছিল। তখন এই অপপ্রচার দেখে আমাদের মনে হয়েছিল একটি বিপদ আসছে। তেমনি আমেরিকা থেকে কম্পিউটার বিজ্ঞান পড়ে আসা প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয় সম্পর্কে যখন অপপ্রচার দেখি, তখন বুক কেঁপে ওঠে। জাহাঙ্গীর কবির নানক বলেন, আমাদের কোন প্রচার যন্ত্র নেই। জাতির জনক কোনো প্রচার যন্ত্র ছাড়াই দেশের মানুষকে সামনে এগিয়ে নিতে পেরেছিলেন। সে সময়ে দেশের জন্য কেবলমাত্র দৈনিক ইত্তেফাক ছিল প্রচার যন্ত্র। এখন আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীই প্রচার যন্ত্র। আওয়ামী লীগের আমলে অনেক উন্নয়ন হয়েছে সেটা আমাদের প্রচার করতে হবে। এজন্য ছাত্রলীগসহ দলের নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য সন্তান হিসেবে মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন শেখ কামাল। সংগঠক হিসেবেও তিনি কৃতিত্ব দেখান। কিন্তু ঘাতকেরা তাকেও হত্যার তালিকা থেকে বাদ রাখেনি। এর মাধ্যমে তারা দেশে দুর্বৃত্তায়নের রাজত্ব প্রতিষ্ঠা করতে চেয়েছিল। ছাত্রলীগ সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক ওমর শরীফ। ‘বিলবোর্ড সরকারের, দলের নয়’ এদিকে রাজধানীর বিভিন্ন স্থানে সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরে সম্প্রতি বেশ কিছু বিলবোর্ড স্থাপন করা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেন, সরকারের বিভিন্ন মন্ত্রণালয় তাদের নিজস্ব উন্নয়ন কর্মকাণ্ডের কথা জনগণকে জানাতে চায়। এ জন্যই বিলবোর্ডের মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে। তিনি বলেন, রাজধানীতে প্রচারণামূলক যেসব বিলবোর্ড লাগানো হয়েছে তা সরকারের, আওয়ামী লীগের নয়।