৯০ বছরের সাজার রায়ের বিরুদ্ধে গোলাম আযমের আপিল
প্রকাশ : ০৫ আগস্ট ২০১৩, ২৩:০০
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করেছেন জামায়াতের সাবেক আমির অধ্যাপক গোলাম আযম। আপিলে ট্রাইব্যুনালের রায় বাতিল চেয়ে তাকে বেকসুর খালাস দেয়ার আবেদন জানানো হয়েছে। গতকাল সোমবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আপিল দায়ের করেন তার আইনজীবীরা। তবে গোলাম আযমের সর্বোচ্চ সাজা চেয়ে সরকার পক্ষ আপিল দায়ের করবেন কিনা সেই বিষয়ে এখানো কোন চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ প্রসঙ্গে অতিরিক্ত এটর্নি জেনারেল এডভোকেট এমকে রহমান বলেন, গোলাম আযমের অপর্যাপ্ত সাজার বিরুদ্ধে আপিলের বিষয়টি সক্রিয় বিবেচনাধীন রয়েছে।
প্রসঙ্গত গত ১৫ জুলাই মানবতাবিরোধী অপরাধের দায়ে গোলাম আযমকে ৯০ বছরের কারাদণ্ড দেয় যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১। তার অপরাধ মৃত্যুদণ্ড সমতুল্য হলেও বয়স ও শারীরিক অবস্থা বিবেচনায় গোলাম আযমকে মৃত্যুদণ্ড না দিয়ে ৯০ বছরের কারাদণ্ড প্রদান করা হয়। ৬টি অভিযোগের মধ্যে ৫টি অভিযোগ প্রমাণিত হওয়ায় বিভিন্ন মেয়াদে তাকে এ দণ্ড দেয়া হয়। গতকাল এ দণ্ডের বিরুদ্ধে আপিল করেন তিনি। আপিলে বলা হয়, গোলাম আযমকে যে সাজা দেয়া হয়েছে তা আইনের দৃষ্টিতে সম্পূর্ণ অগ্রহণযোগ্য। ট্রাইব্যুনাল আন্তর্জাতিক অপরাধ আইনের সঠিকভাবে বিশ্লেষণ করতে ব্যর্থ হয়ে তাকে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের পরিকল্পনার অভিযোগে দোষী সাব্যস্ত করেছে।
পরে তার আইনজীবী এম তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, আপিলে ১০৯টি যুক্তি পেশ করা হয়েছে। পাশাপাশি সাড়ে ৯ হাজার পৃষ্ঠার নথিপত্র দাখিল করেছি। আমরা মনে করি যেসব কারণে তাকে সাজা দেয়া হয়েছে তার কোন যৌক্তিকতা নেই।