দুই নেত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া পরস্পরকে কার্ড পাঠানোর মাধ্যমে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেছেন। গত কয়েক বছর ধরেই তারা ঈদ কার্ড বিনিময় করছেন। বাংলা নববর্ষেও দুই নেত্রী কার্ডের মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করে থাকেন। প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার শেখ আখতার হোসেন গতকাল সোমবার বেলা সাড়ে ১২টায় শেখ হাসিনার শুভেচ্ছা কার্ড সংসদ ভবনে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার কার্যালয়ে তার সহকারি একান্ত সচিব সুরুতুজ্জামানের কাছে পৌঁছে দেন। এরপর দুপুর দেড়টায় বিরোধী দলীয় নেতার ঈদ কার্ড প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার প্রটোকল অফিসারের কাছে পৌঁছে দেন খালেদা জিয়ার সহকারি একান্ত সচিব। বিএনপি চেয়ারপারসন ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া ওমরাহ পালনের জন্য বর্তমানে মক্কায় অবস্থান করছেন। আজকালের মধ্যে তার দেশে ফেরার কথা রয়েছে।