উন্নয়নচিত্রের বিলবোর্ড দিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না
প্রকাশ : ০৫ আগস্ট ২০১৩, ২৩:০৬
ঢাকার মোড়ে মোড়ে সরকারের উন্নয়নচিত্রের বিলবোর্ড স্থাপনের প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির দুই সদস্য এমকে আনোয়ার ও ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন, গত চার বছরে সরকার দেশের কোনো উন্নয়ন করতে পারেনি। এখন বিলবোর্ড লাগিয়ে বলছে, দেশ উন্নয়নের জোয়ারে ভাসছে। পাকিস্তান আমলে আইয়ুব খানও এভাবে বিলবোর্ড লাগিয়ে ছিলেন, কিন্তু ব্যর্থতা ঢাকতে পারেননি। এখন তার মতো বিলবোর্ড লাগিয়ে বর্তমান সরকারও জনগণকে বিভ্রান্ত করতে পারবে না। সোমবার পৃথক আলোচনা সভায় তারা একথা বলেন।
জাতীয় প্রেসক্লাবে ড্যাবের আলোচনা সভায় এমকে আনোয়ার বলেন, গত সাড়ে চার বছরে সরকারের অপশাসন, দুর্নীতি ও ব্যর্থতার চিত্র জনগণ দেখেছে। তারা কোনো উন্নয়ন করেনি। এখন বিলবোর্ডের মাধ্যমে নিজেদের ঢোল বাজাচ্ছে। তিনি বলেন, পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে পরাজয়ের পর এখন সরকার নতুন কৌশল হিসাবে জনগণকে উন্নয়নের কথা বলে বিভ্রান্ত করছে।
এর আগে একইস্থানে ‘অল কমিউনিটি ফোরাম’ নামে একটি সংগঠনের আলোচনা সভায় ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেন, সিটি করপোরেশনের নির্বাচনগুলোতে সরকার সমর্থকদের ভোট না দিয়ে জনগণ সরকারের প্রতি ‘অনাস্থা’ জানিয়েছে। এসময় তিনি নির্দলীয় সরকার প্রতিষ্ঠার দাবিতে ঈদের পর জোরদার আন্দোলনের জন্য প্রস্তুতি নেয়ার জন্য দলীয় নেতা-কর্মী-সমর্থকদের প্রতি আহ্বান জানান।