গল্প নয় সত্যি

অত্যধিক গরমে মেজাজ হারায় মানুষ

হয়তো গেল ক’দিনে তাপমাত্রার পারদ ক্রমেই চড়ছে। আর সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে গরমও। এতে করে ঘরের বাইরে বেরুলেই ক্লান্ত হয়ে পড়ছেন আপনি। সেই সাথে মেজাজ-মর্জিও কি খানিকটা বিগড়ে যাচ্ছে? উত্তরটা যদি হ্যাঁ হয় তাহলে অবাক হবেন না। কেননা এতদিন ধরে অত্যধিক গরমে মেজাজ বিগড়ে যাওয়ার এই ঘটনাটি মানুষের মুখে মুখে ফিরলেও এবার বৈজ্ঞানিকভাবেই উষ্ণতার সাথে মানুষের মেজাজ হারানোর সম্পর্ক খুঁজে পেয়েছেন আমেরিকার একদল গবেষক। তারা জানিয়েছেন, কোনো কোনো অঞ্চলের মানুষ যে পরিবেশ ও পারিপার্শ্বিকের উষ্ণতার কারণে মেজাজ হারিয়ে ফেলেন এটি স্রেফ হঠাত্ ঘটে যাওয়া কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বরং মানুষের আচরণ আর মানসিক স্থিতিশীলতার উপর তাপমাত্রার রয়েছে বিশেষ প্রভাব। শুধু তাই নয়, গ্রীষ্মমণ্ডলীয় দেশের একজন মানুষের সামগ্রিক আচরণের সাথে শীতপ্রধান কোনো দেশের মানুষের আচরণের পার্থক্যও গড়ে দিতে পারে তাপমাত্রার তারতম্য। একাধিক গবেষণার সমন্বিত পর্যালোচনার এই ফল প্রকাশিত হয়েছে আমেরিকান অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অব সায়েন্সের প্রভাবশালী বিজ্ঞান সাময়িকী ‘সায়েন্স’-এ। মূলত যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া এবং প্রিন্সটন ইউনিভার্সিটির গবেষকরা সমন্বিতভাবে নৃতত্ত্ব, আবহাওয়া, রাজনীতি ও অর্থনীতিসহ বেশ কয়েকটি বিষয়ের উপর প্রকাশিত প্রায় ৬০টি গবেষণা প্রবন্ধের প্রাসঙ্গিক বিশ্লেষণের মাধ্যমে তাপমাত্রার পরিবর্তনের সাথে সাথে মানুষের মেজাজ হারানোর এই বিষয়টি খুঁজে পান। তাদের মতে উষ্ণ আবহাওয়া একদিকে যেমন মানুষকে উগ্র করে তোলে তেমনি তাপমাত্রা বৃদ্ধির কারণে মেজাজের উপর নিয়ন্ত্রণ হারানোর কারণে মানুষের মধ্যে সহিংসতা বেড়ে যাওয়ার নজিরও দেখা যায়। ফলে অন্যান্য প্রভাবক এক থাকা সত্ত্বেও একজন মানুষ উষ্ণমণ্ডলীয় আবহাওয়ায় যে ধরনের আচরণ করেন তার সাথে শীতল আবহাওয়ায় করা তার আচরণ পুরোপুরি মেলে না। কাজেই ভবিষ্যতে গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে কারও সাথে আলাপ করার আগে আবহাওয়া কতটা গরম বা ঠাণ্ডা সেই হিসাবটাও বোধকরি মাথায় রাখতে হবে মানুষকে!