মওদুদের বিরুদ্ধে দুদকের মামলার সাক্ষ্য গ্রহণ চলবে

আপিল বিভাগের আদেশ

ইত্তেফাক রিপোর্ট

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলার বিচার কার্যক্রম চলবে মর্মে আদেশ দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। মামলার বিচার চলা সংক্রান্ত হাইকোর্টের আদেশের বিরুদ্ধে তার করা আবেদন খারিজ করে দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ। ফলে আগামী ২৩ মে ঢাকার বিশেষ জজ আদালতে এই মামলার সাক্ষ্যগ্রহণে আর কোনো আইনগত বাধা থাকল না বলে জানিয়েছেন দুদক কৌঁসুলি খুরশীদ আলম খান।

সেনা সমর্থিত বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ১৬ সেপ্টেম্বর মওদুদ আহমদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলা করে দুদক। দীর্ঘ এক দশক মামলার কার্যক্রমের উপর হাইকোর্টের স্থগিতাদেশ ছিল। পরে হাইকোর্ট স্থগিতাদেশ তুলে নিলে এ মামলায় তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিশেষ আদালত। আদালতে মওদুদ আহমদের পক্ষে আইনজীবী ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ ও দুদকের পক্ষে খুরশীদ আলম খান শুনানি করেন।