নান্দাইলে জামদানি শাড়ি তৈরিতে ব্যস্ত কারিগররা
নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা
প্রকাশ : ০৬ আগস্ট ২০১৩, ২১:১৪
ঈদ উপলক্ষে চরম ব্যস্ততায় দিন কাটছে ময়মনসিংহের নান্দাইল উপজেলার জামদানির কারিগরদের। গ্রামের নিস্তব্ধতা ভেদ করে দিনরাত তাদের তাঁতগুলো তৈরি করছে বাঙালি নারীদের পছন্দের জামদানি শাড়ী। নান্দাইলের একমাত্র জামদানি পল্লী চণ্ডীপাশা ইউনিয়নের বাঁশহাটি গ্রামে গিয়ে দেখা যায়, শাড়ী তৈরির কারিগরদের চরম ব্যস্ততা। সেখানে কথা হয় তাঁত মালিক কামাল হোসেন (৩২), শাহিন মিয়া (২৮) ও জুয়েল মিয়া (২৬) এই তিন ভাইয়ের সাথে। তাঁরা নারায়ণগঞ্জের রূপসী এলাকা থেকে কাজ শিখে নিজ গ্রামে তাঁত বসিয়ে জামদানি শাড়ি তৈরির কাজ শুরু করেন। চাহিদা মত শাড়ী তৈরির দক্ষতার কারণে মাত্র পাঁচ বছরে এলাকায় ব্যাপক পরিচিতি পান। বর্তমানে তাদের তৈরি জামদানি শাড়ী রাজধানীর বিভিন্ন বিপণী বিতানে বিক্রি হচ্ছে। ঈদ উপলক্ষে রাজধানী থেকে শাড়ির চাহিদা পূরণ করতে তাদেরকে দিনরাত কাজ করতে হচ্ছে। সেখানে গিয়ে দেখা যায় ছয়টি তাঁতে ১২ জন কারিগর কাজ করছেন।
জুয়েল মিয়া জানান, সারাবছরেই তাদের ব্যস্ততা থাকে। তবে ঈদ উপলক্ষে তাদেরকে দিনরাত কাজ করতে হয় গ্রাহকের চাহিদা মেটানোর জন্য। আকরাম হোসেন (২০) নামে এক কারিগর জানান শাড়ীর দাম বৃদ্ধি পাওয়ায় তাদের পারিশ্রমিক বেড়েছে। তাই বেশি কাজ করলে তাদের বেশি আয় হচ্ছে। তিনি জানান, প্রশাসনের উঁচু পর্যায়ের কর্মকর্তারা এখন তাদের নিয়মিত খদ্দের। পছন্দের ডিজাইন দেখিয়ে দিলে আমরা সে অনুযায়ী জামদানি তৈরি করে দেই। তবে কারখানায় সাধারণত ৪/৫ হাজার টাকা মূল্যের শাড়ী তৈরি করা হয়। কেউ যদি বেশি দামের শাড়ীর অর্ডার দেন, তাহলে আমরা সে অনুযায়ী কাজ করে দেই।