জীবননগরের স্থানীয় শহীদ দিবস আজ
এম আর বাবু, জীবননগর সংবাদদাতা
প্রকাশ : ০৬ আগস্ট ২০১৩, ২১:১৫
আজ ৭ আগষ্ট চুয়াডাঙ্গার জীবননগরের স্থানীয় শহীদ দিবস। ৭১’র এই দিনে পাক-হানাদার বাহিনী ও মুক্তিযোদ্ধাদের তুমুল যুদ্ধ হয়। যুদ্ধে পিছু হটে হানাদার বাহিনী। ৫ বীর মুক্তিযোদ্ধা (ইপিআর জওয়ান) শহীদ হন।
সমান সংখ্যক সৈন্য হারায় হানাদার বাহিনী। সেদিনের যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধা হাবিলদার আঃ গফুরকে ধোপাখালী মসজিদের পাশে এবং অপর ৪ জনকে ধোপাখালী-বানপুর সীমান্তের নোম্যান্স ল্যান্ডে একটি কবরে পাশাপাশি সমাহিত করা হয়। তাদের পরিচয় আজও উদঘাটিত হয়নি। সমরে নেতৃত্বদানকারী ক্যাপ্টেন পরবর্তীতে সেনা প্রধান জেনারেল (অবঃ) মোস্তাফিজুর রহমান যশোরের জিওসি থাকাকালীন ১৯৯৪ সালের ২২ জানুয়ারি জীবননগর পরিদর্শন করেন। তিনি নিজ উদ্যোগে শহীদ মুক্তিযোদ্ধাদের কবর বাঁধাই করে দেন। সেখানে এখন প্রতিবছর স্বাধীনতা ও বিজয় দিবসে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ এবং এলাকাবাসী আসেন শ্রদ্ধা নিবেদন করতে।