মাওয়া-কাওড়াকান্দি রুটে যুক্ত হলো নতুন দু’টি ফেরি

ঈদকে সামনে রেখে মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে যুক্ত হচ্ছে “কলমিলতা”ও “সুবর্ণলতা” নামে কে-টাইপ ২টি নতুন ফেরি। গত শুক্রবার বিকালে নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান মাওয়াঘাট পরিদর্শন করে যাত্রী দুর্ভোগ কমাতে নতুন ২টি ফেরি চলাচলের ঘোষণা দেন। বিআইডব্লিউটিসির মাওয়াস্থ ম্যানেজার সিরাজুল হক জানান, ঈদে মানুষ ও যানবাহনের চাপ বৃদ্ধি ও ঘরমুখো মানুষের দুর্ভোগ কমাতে নতুন দুটি ফেরি মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে যুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়। সোমবার নতুন ২টি ফেরি মাওয়াঘাটে পৌঁছানোর কথা রয়েছে। বর্তমানে মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে ১৬টি ফেরি চলাচল করছে। আরো ২টি ফেরি যুক্ত হলে এ রুটে যান পারাপার স্বাভাবিক হবে।