বিশেষ প্রতিনিধি
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এমপি বলেছেন, ‘ঢাকার বাইরে থাকা চিকিত্সক ও নার্সদের নানা অজুহাতে ঢাকায় পদায়নের ব্যাপারে নানাভাবে তদবির করা হয়। এসব তদবিরের কারণে ঢাকার বাইরে থাকা হাসপাতালগুলোতে বর্তমানে চিকিত্সক ও নার্সদের সংকট দেখা যাচ্ছে, যা মোটেও কাম্য নয়। ঢাকার মানুষদের যেমন স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার আছে, তেমনি ঢাকার বাইরের মানুষেরও চিকিত্সা সেবা দরকার আছে। সব চিকিত্সক, নার্সরা ঢাকায় আসার জন্য তদবির করে সফল হলে ঢাকার বাইরে স্বাস্থ্যসেবা ঝুঁকিপূর্ণ হবে। কাজেই ঢাকার বাইরে থেকে ঢাকায় আসার জন্য চিকিত্সক-নার্সদের আর কোনো তদবির গ্রাহ্য করা হবে না।’
গতকাল মঙ্গলবার দুপুরে সচিবালয়ের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত ঢাকার বাইরের হাসপাতালগুলোর পরিচালকদের সঙ্গে সমন্বয় সভায় পরিচালকদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলামের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ, ঢাকার বাইরের স্বাস্থ্য পরিচালক, মন্ত্রণালয় এবং অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।