দুই প্রবাসী ফুটবলারের ছুটি
জাতীয় দলের অনুশীলন আবার শুরু
প্রকাশ : ০৬ আগস্ট ২০১৩, ২২:১০
থাইল্যান্ড থেকে জাতীয় ফুটবল দল ঢাকায় ফেরার পর দলের দুই প্রবাসী ফুটবলার ডেনমার্কের জামাল ভুঁইয়া এবং জার্মান প্রবাসী রিয়াসাত খাতন চলে যাচ্ছেন। তবে নেপালে অনুষ্ঠেয় সাফ চ্যাম্পিয়নশিপের আর দেরী নেই বলে জাতীয় দলের অনুশীলন গতকাল মঙ্গলবার থেকে আবার শুরু হয়েছে।
দুই প্রবাসী ফুটবলারের মধ্যে জামাল ভুঁইয়া গত সোমবার রাতেই চলে গেছেন। অপরদিকে রিয়াসাত আজকালের মধ্যেই ক্যাম্প ছাড়বেন। দুজনেরই অবশ্য ১২ আগস্টের মধ্যে ঢাকায় ফেরার কথা। উভয়ের ছুটিতে যাওয়ার কারণ হিসেবে বলা হয়েছে তারা যেসব ক্লাবে খেলছেন সেখানে নতুন করে চুক্তির ব্যাপার রয়েছে।
জামাল ভুঁইয়া থাইল্যান্ডে গিয়ে দুটি অনুশীলন ম্যাচেই খেলেছেন। সংশ্লিষ্টদের কাছ থেকে জানা গেছে এই মিডফিল্ডার ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফের নজর কাড়ছেন। প্রবাসী দুই ফুটবলার ছাড়া অবশ্য জাতীয় দলের আর কাউকে ছুটি দেয়া হচ্ছে না। কারণ গতকাল থেকে অনুশীলন পুনরায় শুরু হয়েছে।
এ দফায় টানা অনুশীলন চলবে। ঈদের জন্য এক দিন অনুশীলন বন্ধ থাকবে। কিন্তু কেউ বাড়ি যেতে পারছে না। দুই ফুটবলার ঈদের দিন বাড়ি যাওয়ার বায়না ধরলেও তারদেরকে সুযোগ দেয়া হচ্ছে না। কারণ সাফ সামনে। খেলোয়াড়রা ছুটি না পেলেও কোচ ক্রুইফ গেছেন ছুটিতে। তিনি ঢাকায় ফিরবেন ১২ আগস্ট। এরপর যাবেন সহকারী কোচ রেনে কেস্তার। তিনিও পরিবার আনার বায়না ধরেছেন। পরিবার আনার বিধান রাখা হয়েছে কোচদের সাথে করা চুক্তিতে। তবে আলাদা আলাদা আনতে যাওয়া মানে সময় নষ্ট করা। এব্যাপারে বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিন জানিয়েছেন, রেনে যাবেন কিনা সেটা তার দেখার বিষয় না। এ জন্য জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি রয়েছে। তারা যদি রেনেকে ছুটি দেয়ার প্রয়োজন মনে করেন দিতেই পারেন।