গাজীপুরে কাশিমপুর কারাগারে কয়েদীর আত্মহত্যা

গাজীপুরে অবস্থিত কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে এক কয়েদী আত্মহত্যা করেছেন। তার নাম মামুন ওরফে মাইকেল (৪২)। সে ফেনী জেলা সদরের তালতলা বাজার চৌধুরীর হাট এলাকার এনামুল হকের ছেলে। সোমবার সকালে ঐ কারাগারের তিতাস ভবনের ৬ষ্ঠ তলার ১০নং কক্ষ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। অস্ত্র মামলায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি হয়ে মামুন এক বছর আগে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে আসেন। কিছুদিন ধরে তিনি নানা অসুখে ভুগছিলেন। এসব কারণে হতাশায় এবং যন্ত্রণায় রবিবার রাতে তিনি গলায় গামছা পেঁচিয়ে কক্ষের জানালার সাথে আত্মহত্যা করেন। গোপালগঞ্জে কয়েদীর মৃত্যু গোপালগঞ্জ প্রতিনিধি জানান, গোপালগঞ্জের কাশিয়ানীর ভোলা হত্যা মামলার ৩০ বছর সাজাপ্রাপ্ত বিলায়েত হোসেন (৫০) নামে এক কয়েদীর মৃত্যু হয়েছে। সোমবার গোপালগঞ্জ জেলা কারাগারে দাবা খেলার সময় তিনি বিকাল ৫টায় অসুস্থ হয়ে পড়েন। গোপালগঞ্জ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। বিলায়েত গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার হিরণ্যকান্দি গ্রামের রহমান মোল্লার ছেলে।