‘পাকিস্তানের আরো বেশি টেস্ট খেলা দরকার’
প্রকাশ : ০৬ আগস্ট ২০১৩, ২২:১৪
সাবেক অধিনায়ক ও পেস বোলার ওয়াসিম আকরাম বলেছেন, পাকিস্তান দল যথেষ্ট পরিমাণে টেস্ট খেলছে না। অথচ দলের আত্মবিশ্বাস বাড়াতে খুবই দরকার এটি। আকরাম একটি বেসরকারি টেলিভিশনের সঙ্গে আলাপকালে বলেন, আরো বেশি টেস্ট খেলতে না পারলে এ প্রজন্মের অন্যান্য দলগুলোর সঙ্গে পাকিস্তান দল প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। তিনি বলেন, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এ বিষয়টি নিয়ে ভাবা দরকার। শুধু তাই নয় এটাকে তাদের অগ্রাধিকারের তালিকায় অন্যতম হিসেবে রাখতে হবে। কেননা পাকিস্তান যথেষ্ট সংখ্যক টেস্ট খেলছে না।
তার মতে ভবিষ্যত্ ক্রিকেটের জন্য তরুণ এবং অপরিপক্ব মেধাবীদের ফুটিয়ে তুলতে পিবিসি’র আরো বেশি অনূর্ধ্ব-১৯ দলভিত্তিক সফরের আয়োজন করা উচিত। পাকিস্তানের কোচদের এবং নির্বাচকমন্ডলীকে অবশ্যই অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়দের প্রতি পুরোপুরি মনোযোগ দিতে হবে। একটি শক্তিশালী জাতীয় দলকে সব সময়ই সমর্থন জোগায় শক্তিশালী ঘরোয়া ক্রিকেট ব্যবস্থা। এ কথা মনে করিয়ে দিয়ে তিনি উদাহরণ হিসেবে অস্ট্রেলিয়ার কথা উল্লেখ করেন। বিষয়টি বিস্তারিত তুলে ধরে তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ার আছে বিশ্বের অন্যতম সেরা ঘরোয়া ক্রিকেট ব্যবস্থা এবং এ কারণেই কোন বড় মাপের খেলোয়াড়ের বিদায়ের পরও দলের পারফর্মেন্সে কোন শূন্যতা দেখা দেয় না। কারণ স্থানটির দখল নিতে মুখিয়ে থাকে কোন এক তরুণ।’
এক প্রশ্নের জবাবে তিনি জানান ২০১৫ বিশ্বকাপের জন্য এখন থেকেই পাকিস্তানকে পরিকল্পনা প্রণয়ন করে কাজ শুরু করা উচিত।-বাসস