টঙ্গী ও সীতাকুণ্ডে শ্রমিক বিক্ষোভ, সড়ক অবরোধ

টঙ্গীর ইনসপেক্টা সোয়েটার কারখানার শ্রমিকরা বেতন ও ঈদ বোনাসের দাবিতে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছে। এসময় সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এতে বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছে। অবরোধের কারণে প্রায় একঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। এতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এদিকে, সীতাকুণ্ডের আনোয়ারা জুট মিলের শ্রমিকরা বেতন ও ঈদ বোনাসের দাবিতে গতকাল ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে। বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অবরোধ অব্যাহত ছিল। এর ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৫০ কিলোমিটার জুড়ে যানজট সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। টঙ্গীতে শ্রমিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল বিকাল ৫টায় ফাইসন্স রোড সংলগ্ন ইনসপেক্টা সোয়েটার কারখানার শ্রমিকরা বেতন ও ঈদ বোনাসের দাবিতে আন্দোলন শুরু করে। তারা এক পর্যায়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেরাগআলী মার্কেট এলাকায় এসে মহাসড়ক অবরোধ করে। এসময় সড়কের দু’পাশে শত শত গাড়ি আটকা পড়ে। এক পর্যায়ে পাশের ট্রাক স্ট্যান্ডের শ্রমিকরা কারখানার শ্রমিকদের ওপর হামলা চালায়। এসময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। সোয়েটার কারখানার মালিক জিসিসি’র কাউন্সিলর নূরুল ইসলাম নূরু জানান, শ্রমিকদের জুলাই মাসের বেতন পরিশোধ করা হয়েছে। আগামীকাল (আজ) বুধবার তাদের ঈদ বোনাস পরিশোধ করা হবে। কিন্তু শ্রমিকরা বোনাসের সঙ্গে চলতি মাসের বেতনও দাবি করে আন্দোলন শুরু করেছে। অথচ চলতি মাসের আজ মাত্র ৬ তারিখ। গার্মেন্ট কারখানায় কোন অগ্রিম বেতন দেয়ার নিয়ম নেই। শ্রমিকরা অবৈধভাবে এ আন্দোলন করছে। সীতাকুণ্ডে সড়ক অবরোধের কারণে সৃষ্ট যানজটের কারণে যাত্রীরা সময় মতো গন্তব্যে পৌঁছতে পারেনি। গাড়িতে বসেই ইফতার করতে হয় তাদের। আজ (বুধবার) বেতন-বোনাসের সব টাকা পরিশোধের প্রতিশ্রুতিতে শ্রমিকরা সন্ধ্যা ৭টার সময় অবরোধ তুলে নেয়। সীতাকুণ্ড উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে বাড়বকুণ্ডে আনোয়ারা জুট মিলের এক হাজারের বেশি শ্রমিক গতকাল দুপুরে বেতন বোনাস নেয়ার জন্য মিলে আসে। শ্রমিকদের মিল থেকে জানিয়ে দেয়া হয় বেতন ও বোনাসের অংশ বিশেষ দেয়া হবে। এসময় শ্রমিকরা ক্ষুব্দ হয়ে পুরো বোনাস প্রদানের দাবিতে বিক্ষোভ শুরু করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে। অবরোধের ফলে হাজারো যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক-কাভার্ডভ্যান মহাসড়কে আটকে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ত্রি-পক্ষীয় বৈঠকে আগামীকাল (আজ বুধবার) পুরো বকেয়া ও বোনাস প্রদানের প্রতিশ্রুতিতে ব্যারিকেড তোলে নেয় শ্রমিকরা। বৈঠকে উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মুহম্মদ শাহীন ইমরান, সীতাকুণ্ড সার্কেল এ এস পি সৈয়দ ইকবাল আলী, ওসি সামিউল আলম, মিল ডি জি এম হাতেম আলী মন্ডল, বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাদাকাত উল্লাহ মিয়াজী, শ্রমিক প্রতিনিধি সিবিএ সভাপতি শাহ আলম ও সম্পাদক নিজাম উদ্দিন। তাঁত অপারেটর ইলিয়াছ ও স্পিনার শামীম জানান, তারা দীর্ঘ দিন এই মিলে কাজ করেন। ঈদের বাকী আর মাত্র ২ দিন কিন্তু মিল মালিক এখনো তাদের বেতন বোনাস না দেয়ায় তারা মহাসড়কে ব্যারিকেড দিয়েছে। মিলের সুতার রোল অপারেটর সুজাতা বেগম জানান, অভাবের কারণে ছোট বাচ্চা কোলে নিয়ে প্রতিদিন কাজে আসতে হয়। এই ঈদে নিজে না নিলেও বাচ্চার জন্য একটি পোশাক নিতে হবে। কিন্তু মিল মালিক আমাদের বেতন বোনাস না দেয়ায় সেটা থেকেও বঞ্চিত হলাম। তিনি বলেন বেতন বোনাস না পেলে তারা এই রাস্তা থেকে যাবেন না। মিলের মিল ডিজিএম হাতেম আলী মন্ডল বলেন, শ্রমিকদের বকেয়া কোন বেতন নেই। ঈদ উপলক্ষে বেতনের সমপরিমাণ বোনাস দেয়ার কথা থাকলেও অর্থনৈতিক মন্দার কারণে বেতনের অর্ধেক বোনাস দেয়ার জন্য কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয়। সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মুহম্মদ শাহীন ইমরান জানান, বকেয়া বেতন বোনাসের দাবিতে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করলে ত্রি-পক্ষীয় বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত হয় মালিকরা বেতন বোনাস পরিশোধ করবে।