নিউইয়র্কের বাংলাদেশ সোসাইটিতে কন্সুলেট সেবা চালু
বিশেষ প্রতিনিধি, যুক্তরাষ্ট্র
প্রকাশ : ০৬ আগস্ট ২০১৩, ২২:৩৮
প্রবাসী বাংলাদেশিদের সংগঠন বাংলাদেশ সোসাইটিতে মাসে একদিন কনস্যুলেট সেবা দেবে নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট অফিস। বাংলাদেশের জন্য ভিসা আবেদন, নো-ভিসা সনদ, সত্যায়িতকরণ, পাসপোর্ট নবায়ন, সংশোধন, পাওয়ার অব অ্যাটর্নি, অবসরপ্রাপ্তদের জন্য এলিভ সার্টিফিকেট, মিডিয়া অ্যাক্রেডিটেশনসহ সব ধরনের সেবা পাওয়া যাবে এখান থেকে। ম্যানহাটন কনস্যুলেট জেনারেলের কার্যালয়ের সেবা সহজলভ্য ও বিস্তৃত করতে এই উদ্যোগ নেয়া হয়েছে। স্থানীয় সময় সোমবার বিকালে নিউইয়র্কের এলমহার্স্টে বাংলাদেশ সোসাইটির কার্যালয়ে আয়োজিত এক যৌথ সাংবাদিক সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়।সাংবাদিক সম্মেলনে নিউইয়র্কে বাংলাদেশের কন্সাল জেনারেল মনিরুল ইসলাম বলেন, এই কার্যক্রমে কনস্যুলেটের কর্মীদের ওপর বাড়তি চাপ পড়বে। তবে প্রবাসীদের এই সেবা দিতে তারা প্রস্তুত। তিনি জানান, প্রথমে প্রতিমাসের দ্বিতীয় শনিবার বাংলাদেশ সোসাইটির অফিসে বসবেন কনস্যুলেটের কর্মকর্তারা। পরে কাজের চাপ এবং চাহিদা বুঝে সেবা দুটি শনিবার এবং প্রয়োজনে মাসের চারটি শনিবারই চালু হবে বলে জানান তিনি। নিউইয়র্কের বাইরে কানেকটিকাট ও নিউজার্সিতে এ ধরনের সেবা চালু আছে। এই প্রথম নিউইয়র্কের ভেতরেই বাংলাদেশ সোসাইটি কার্যালয়ে আলাদা একটি ক্যাম্প বসিয়ে সেবা কার্যক্রম চালু হচ্ছে।
সাংবাদিক সম্মেলনে ২০১৫ সালের ১৫ মার্চের আগে প্রবাসী বাংলাদেশিদের মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) গ্রহণের পরামর্শ দিয়ে কন্সাল জেনারেল মনিরুল ইসলাম বলেন, ওই দিনের পর কোনো বাংলাদেশির হাতে লেখা পাসপোর্টের গ্রহণযোগ্যতা থাকবে না।
সাংবাদিক সম্মেলনে বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমদ সকল প্রবাসীকে এই সেবা গ্রহণের পরামর্শ দেন। এছাড়া সাধারণ সম্পাদক আবদুর রহিম হাওলাদার সোসাইটির বর্তমান কমিটির গৃহীত বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।