খুলনার জেল গেট থেকে জামায়াত নেতা গোলাম পরোয়ার ফের গ্রেফতার

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল ও খুলনা মহানগর জামায়াতে ইসলামীর সাবেক আমির এবং সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারকে ফের গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল পৌনে ৪টার দিকে খুলনা জেলা কারাগার থেকে মুক্তিলাভের পর মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে জেল গেট থেকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তাকে কেএমপির গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সহকারী কমিশনার (ডিবি) কে.এম মোশাররফ হোসেন গোলাম পরওয়ারের গ্রেফতারের কথা স্বীকার করে বলেন, তিনি এখন ডিবির হেফাজতে রয়েছেন। তবে গ্রেফতারের কারণ সম্পর্কে তিনি স্পষ্ট করে কোন তথ্য প্রদান করেননি। অপরদিকে, কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) রাশিদা বেগম বলেন, তাকে আমাদের হেফাজতে রাখা হয়েছে। ইতিমধ্যে তাকে একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তবে কি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে- তা তিনি বলতে পারেননি। খুলনা জেলা কারাগারের তত্ত্বাবধায়ক নূরুন্নবী ভুঁইয়া বলেন, জামায়াত নেতা গোলাম পরওয়ার আদালত থেকে ৪টি মামলায় জামিন লাভ করেন। সে অনুযায়ী গতকাল মঙ্গলবার তাকে মুক্তি দেয়া হয়। বিকাল পৌনে ৪টার দিকে তিনি কারাগারের বাইরে বের হন। জামায়াতে ইসলামী খুলনা মহানগর শাখার সহকারী সেক্রেটারী অ্যাডভোকেট শাহ আলম বলেন, গত বছরের ৫ ডিসেম্বর দেশব্যাপী দলের বিক্ষোভ কর্মসূচি চলাকালে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ৪টি মামলায় অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারকে আসামি করা হয়। কর্মসূচির দিন তিনি ঢাকায় অবস্থান করলেও একই সাথে ঢাকার দুইটি এবং খুলনার দুইটি মামলায় ডিসেম্বরের শেষের দিকে তাকে গ্রেফতার করা হয়। এরপর থেকে তিনি প্রায় ৭ মাস কারাগারে রয়েছেন। সবগুলো মামলায় উচ্চ আদালত থেকে গোলাম পরওয়ারকে জামিনে মুক্তি দেয়ার পরও তাকে পুনরায় গ্রেফতার করা হয়েছে। মুক্তির খবর পেয়ে পরিবারের সদস্য এবং দলীয় নেতা-কর্মীরা জেল গেটে উপস্থিত হয়ে তাকে গ্রেফতারের খবর জানতে পারেন।