জামায়াতের ৪৮ ঘন্টার হরতাল একদিন পিছিয়ে ১৩ আগস্ট শুরু
প্রকাশ : ০৬ আগস্ট ২০১৩, ২২:৪৮
জামায়াতে ইসলামী তাদের ঘোষিত দেশব্যাপী লাগাতার ৪৮ ঘণ্টার হরতাল একদিন পিছিয়ে দিয়েছে। ঈদের পর ১২ তারিখের পরিবর্তে ১৩ আগস্ট ভোর ৬টায় হরতাল শুরু হয়ে শেষ হবে ১৫ আগস্ট ভোর ৬টায়।
গতকাল মঙ্গলবার দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এক বিবৃতিতে হরতাল একদিন পিছিয়ে দেয়ার কথা জানিয়েছেন। তিনি বলেন, ঈদ-উল-ফিতরের ছুটির পর মানুষের কর্মস্থলে ফিরে আসার কথা বিবেচনা করে ৪৮ ঘণ্টার লাগাতার হরতাল কর্মসূচি ১৩ ও ১৪ আগস্ট মঙ্গল ও বুধবার পুনর্নির্ধারণ করা হলো। তিনি হরতাল কর্মসূচি পালন করার জন্য ছাত্র-শিক্ষক, শ্রমিক, বুদ্ধিজীবী, আইনবিদ, ব্যবসায়ী, সাংবাদিক, শ্রমজীবী, পেশাজীবীসহ সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান। মাওলানা রফিকুল ইসলাম বলেন, সরকারের অব্যাহত জুলুম, নির্যাতন, নিপীড়ন ও জামায়াতকে নিশ্চিহ্ন করার প্রতিবাদে ৪৮ ঘণ্টার লাগাতার হরতাল কর্মসূচি দিতে জামায়াত বাধ্য হয়েছে। এছাড়া দলের সামনে বিকল্প কোন পথ ছিল না। তিনি ঈদের আগেই কারাগারে আটক জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দসহ সকল নেতা-কর্মীদের মুক্তি দাবি করেন। তিনি বলেন, সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য আরো বেপরোয়া হয়ে উঠেছে। উচ্চ আদালত থেকে জামিন পেয়ে কারাগার থেকে বের হওয়ার মুহূর্তে জেলগেট থেকে জামায়াতের নেতা-কর্মীদের আবারো গ্রেফতার করে সংবিধান, মানবাধিকার, ব্যক্তির মৌলিক অধিকার পদদলিত করা হয়েছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে সরকারই আদালতের প্রতি অসম্মান প্রদর্শন করেছে। অতি সম্প্রতি সরকার ৫৫ জন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যকে বরখাস্ত করেছে। এ নিয়ে ৮৬ জন নির্বাচিত জনপ্রতিনিধিকে বরখাস্ত করা হলো। সরকারের বিরুদ্ধে আন্দোলন যাতে তীব্র রূপ লাভ করতে না পারে এ জন্য পরিকল্পিতভাবে নির্বাচিত জনপ্রতিনিধিদের দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হচ্ছে।