তফসিলভুক্ত হলো এনআরবি গ্লোবাল ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের সম্মতিপত্র (এলওআই) পাওয়া নয়টির অন্যতম এনআরবি গ্লোবাল ব্যাংককে তফসিলি ব্যাংক হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। গত ২৯ জুলাই এ ব্যাংককে তফসিলিভুক্ত করা হয়েছে বলে গতকাল বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে। এ ব্যাংকটি তফসিলভুক্ত হওয়ার মাধ্যমে নয়টি ব্যাংকের সবগুলোই তফসিলভুক্ত হলো। তফসিলিভুক্ত এ সব ব্যাংককে এখন থেকে কেন্দ্রীয় ব্যাংকের সব ধরনের নির্দেশনা মেনে চলতে হবে। জানা গেছে, এনআরবি গ্লোবাল ব্যাংকের উদ্যোক্তা হিসেবে রয়েছেন ২৫জন প্রবাসী। ৪২৫ কোটি টাকার পরিশোধিত মূলধন নিয়ে কার্যক্রম শুরু করবে বলে আবেদনপত্রে উল্লেখ করা হয়েছে। ট্রেড ব্যালান্স ইউএসএ করপোরেশনের প্রেসিডেন্ট নিজাম চৌধুরী এ ব্যাংকের মূল উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। এ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ডিএমডি আবদুল কুদ্দুস। এনআরবি গ্লোবাল ব্যাংকের আগে তালিকভুক্ত হওয়া ৮টি ব্যাংক হলো- ইউনিয়ন ব্যাংক, সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক, এনআরবি কমার্শিয়াল ব্যাংক, মেঘনা ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, ফার্মার্স ব্যাংক, এনআরবি ব্যাংক ও মধুমতি ব্যাংক। এসব ব্যাংক ইতিমধ্যে প্রধান কার্যালয়ের কার্যক্রম শুরু করেছে। শাখা খুলে ব্যবসায়িক কাজও শুরু করেছে কয়েকটি ব্যাংক।