‘এ’ দলকে একাই হারালেন ডওসন
প্রকাশ : ০৭ আগস্ট ২০১৩, ২১:২৭
শেষ উইকেটে অবিচ্ছিন্ন আটান্ন রানের জুটি গড়লেন ইলিয়াস সানি ও রবিউল ইসলাম। কিন্তু তাতেও শেষ রক্ষা হল না। ৫ ওভার ৫ বলের ঝড়ের পরেও জিততে পারলো না বাংলাদেশ ‘এ’ দল। লিয়াম ডওসনের অলরাউন্ড পারফরম্যান্সেই ডুবতে হল বাংলাদেশকে।
ইংল্যান্ড সফরে নিজের প্রথম ম্যাচে এক লিয়াম ডওসনের কাছেই হারলো বাংলাদেশ ‘এ’ দল। গত মঙ্গলবার সাউদাম্পটনে নিজেদের প্রথম ওয়ানডে ম্যাচে হ্যাম্পশায়ারের বিপক্ষে শেষ উইকেটের লড়াইয়ের পরও আট রানে হারতে হল সফরকারীদের। টসে হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের সামনে ২২৪ রানের টার্গেট দেয় হ্যাম্পশায়ার। প্রথমে ব্যাট করতে নেমে লিয়াম ডওসনের ৯৭ রানের কল্যানে ৪৯ ওভার ১ বলে ২২৩ রান করে হ্যাম্পশায়ার। এছাড়া ওপেনার মাইকেল রবার্টস ও দিমিত্রি মাসকেরানহাস ৩৫ করে রান করেন। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন রুবেল হোসেন, ফরহাদ রেজা ও সোহাগ গাজি। মাঝারি রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ব্যাটিংয়ে খুব একটা সন্তোষজনক পারফরম্যান্স দেখাতে পারেনি বাংলাদেশ ‘এ’ দল। টপ অর্ডারের প্রায় সব ব্যাটসম্যানই ব্যর্থ হয়েছেন। আর রান তোলার ধীরগতির কারণে বাড়তে থাকে কাঙ্ক্ষিত রানরেট। মমিনুল হক ২৮ ও মার্শাল আইয়ুব ৩৯ রান করেন। ১৫৭ রানের মধ্যে ৯ উইকেট হারিয়ে ফেললে বাংলাদেশের জন্য আশার আলো নিয়ে আসেন ইলিয়াস সানি ও রবিউল ইসলাম। তবে তাদের শেষ চেষ্টাও ব্যর্থ হয়। তিন সপ্তাহের এই সফরে বাংলাদেশ ইয়র্কশায়ার, ল্যাঙ্কশায়ার, নটিং-হ্যামশায়ার ও উস্টারশায়ারের সাথে খেলবে বাংলাদেশ। এরপর দলটি তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে।