রূপগঞ্জে ঈদকে ঘিরে সাজানো হয়েছে ফানল্যান্ড পার্ক

ঈদকে ঘিরে বিনোদনপ্রেমী পর্যটক ও দর্শনার্থীদের হূদয় আকৃষ্ট করতে প্রাকৃতিক সৌন্দর্যপূর্ণ গাছ-গাছালি বেষ্টিত মনোরম পরিবেশে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ঐরাবো এলাকায় ‘ফানল্যান্ড পার্ক’ কে সাজানো হয়েছে বর্ণিল সাজে। পার্কে রেলগাড়ী, সুইং চেয়ার, সিটি রাইট, বাম্পারকার, স্লাইডিং, পান হর্স, পেটেল বোর্ড, উড়োজাহাজ, ড্রাগনসহ বিভিন্ন আধুনিক প্রযুক্তিসম্মত খেলনা সামগ্রীর মাধ্যমে আনন্দ উপভোগ করতে নতুন আঙিকে প্রস্তুত করা হয়েছে। পার্কের প্রতিষ্ঠাতা কানাডার সিটিজেনশীপ মোঃ হানিফ ভুঁইয়া জানান, বিদেশি বিনোদনমূলক কালচার, ডিজাইন ও পরিকল্পনা থেকেই এ পার্ক নির্মাণ করা হয়েছে। কানাডীয় প্রযুক্তি, পরিকল্পনা ও ডিজাইন সংগ্রহ করে ঈদ উপলক্ষে শিশুদের জন্য নতুন খেলনা সামগ্রী সংযুক্ত করেন। দর্শনার্থী আয়েশা আক্তার লিনা, কান্না আক্তার, রুবি আক্তার মিতু, গোলজার হোসেন জানান, কম খরচে পুরোপুরি আনন্দ উপভোগ করার মতো ফানল্যান্ড পার্ক মনোমুগ্ধকর। যেখানে ফ্যান্টাসী কিংডম, যমুনা ফিউচার পার্কে গেলে হাজার হাজার টাকা খরচ হয়। সে তুলনায় বিনোদনের সকল খেলনা সামগ্রী থাকার পরও ফানল্যান্ড পার্কে সব মিলিয়ে ৩০০ টাকার বেশি খরচ হয় না। ফানল্যান্ড পার্ক আধুনিক ও মানসম্মত। পার্কের ভেতরে ও বাইরে নিরাপত্তার ব্যবস্থা থাকায় কোনো দর্শনার্থীদের ছিনতাইকারীদের কবলে পড়ার আশঙ্কা নেই। আধুনিকায়ন এ ফানল্যান্ড পার্কে প্রবেশ মূল্য ৫০ টাকা। এর আশপাশে স্বাস্থ্যসম্মত খাবারসহ একাধিক রেস্টুরেন্ট ও ফাস্টফুডের দোকান রয়েছে। ফানল্যান্ড পার্কে দর্শনার্থীদের জন্য যাতায়াতের ব্যবস্থাও সহজ। ঢাকা-সিলেট মহাসড়কের বরপা বাসস্ট্যান্ড থেকে ২ কিলোমিটার ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর হতে এশিয়ান হাইওয়ে সড়কের সাইদুল মার্কেট হয়ে ২ কিলোমিটার ভেতরে পার্কটি অবস্থিত।