হবিগঞ্জে সংঘর্ষে সাবেক ইউপি চেয়ারম্যান নিহত

হবিগঞ্জে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে গত মঙ্গলবার রাতে সদর উপজেলার গোপায়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইছহাক মিয়া (৬০) নিহত ও মহিলাসহ ১০ জন আহত হয়েছে। আহত মানিক মিয়া (৩০), ইদ্রিস আলী (৪৫) ও শিপাকে (২০) হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, ভূমি সংক্রান্ত বিষয়ে চেয়ারম্যান ইছহাক মিয়ার সাথে পৈল গ্রামের জনৈক মানিক মিয়ার বিরোধ চলছিল। গত মঙ্গলবার সকালে উভয়পক্ষের লোকজন ভাদৈ গ্রামে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় ইছহাক মিয়া ও তার মেয়েসহ ১০ জন আহত হয়। গুরুতর আহত ইছহাক মিয়া ও জামাল মিয়াকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিত্সাধীন অবস্থায় ইছহাক মিয়া মারা যান। হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জানান, এ ব্যাপারে একটি হত্যা মামলা করা হয়েছে। বাচ্চু মিয়া নামে একজনকে গ্রেফতার করা হয়েছে এবং অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।