বান্দরবানে আবারও বন্য হাতির মৃত্যু
প্রকাশ : ০৭ আগস্ট ২০১৩, ২১:৫০
বান্দরবানে আবারও বন্য হাতির মৃত্যুর ঘটনা ঘটেছে। গতকাল বুধবার সকালে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের আলীক্ষ্যং মৌজার মিরঝিরি এলাকা থেকে বনবিভাগের কর্মীরা মৃত বন্য হাতিটি উদ্ধার করেছে। তবে এখনো পর্যন্ত বন্য হাতিটির মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে বনদস্যুরা হাতির মূল্যবান হাড়-গোড় এবং দাঁত সংগ্রহ করে পাচারের জন্য বন্য হাতিটিকে হত্যা করে থাকতে পারে। এর আগেও জেলার নাইক্ষ্যংছড়ির কাগজিখোলা এবং লামা ও বান্দরবান সদর উপজেলায় আরো ছয়টি বন্য হাতির মৃত্যুর ঘটনা ঘটে। সংঘবদ্ধ পাচারকারীরা গুলি করে হাতিগুলোকে হত্যা করেছিল বলে একাধিক সূত্রে জানা গেছে। বনবিভাগের সাঙ্গু রেঞ্জ কর্মকর্তা মীর হোসেন জানায়, মৃত বন্য হাতিটির ময়না তদন্তের পর হাতিটিকে গর্ত করে মাটিতে পুঁতে ফেলা হবে। এ বিষয়ে বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ শফিকুল ইসলাম জানান, স্থানীয় লোকজনের তত্পরতায় মৃত বন্য হাতির মূল্যবান দাঁত দুটি চুরি করে নিতে পারেনি পাচারকারীরা। খবর পেয়ে মৃত বন্য হাতিটি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়।