কেশবপুরে শ্লীলতাহানির মামলায় ১ জন গ্রেফতার
প্রকাশ : ০৭ আগস্ট ২০১৩, ২১:৫১
কেশবপুরে এক স্কুলছাত্রীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে। পুলিশ শ্লীলতাহানি চেষ্টাকারি বখাটে যুবককে গ্রেফতার করেছে।
পুলিশ ও এলাকাবাসি জানায়, উপজেলার বরণডালি গ্রামের আব্দুস সামাদ মোড়লের ছেলে সাইদুর রহমান ডালিম ১০ম শ্রেনীতে পড়ুয়া এক ছাত্রীকে স্কুলে যাওয়ার পথে উত্যক্ত করতো প্রায় ১ বছর। এক মেয়েসহ স্ত্রীকে তালাক দেয়ায় সাতক্ষীরা আদালতে ডালিমের বিরুদ্ধে একটি মামলা বিচারাধীন রয়েছে। এর আগে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যাত হওযায় গত ৭ জুলাই রাস্তায় ওই মেয়েটির হাত ধরে টানাহেচড়া করায় ক্ষোভ ও অভিমানে সে আত্মহত্যার চেষ্টা করে। গত রবিবার রাতে ডালিম ও তার সহযোগী খালেক মোল্যা ওই ছাত্রীর পড়ার ঘরে ঢিল মারে এবং জানালার ফাঁকা দিয়ে দিয়াশলাইয়ের কাঠি জ্বেলে ঘরের মধ্যে পুড়িয়ে মারার চেষ্টা করে। এসময় তার চিত্কারে ছাত্রীর পিতা ও চাচারা ডালিমকে ঘটনাস্থলে ঝাপটে ধরে। এ সময় তার সহযোগিরা তাকে ছিনিয়ে নিয়ে যায়। সোমবার সকালে ওই ছাত্রী তার অভিভাবকদের সাথে নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ করে। ইউএনও ব্যবস্থা নিতে অভিযোগটি থানায় পাঠালে নারী ও শিশু নির্যাতন ধারায় মামলা হয়। এ ব্যাপারে থানার ওসি সৈয়দ লুত্ফর রহমান জানান, ওই ছাত্রীর সুরক্ষার স্বার্থে সন্ধ্যায় বখাটে ডালিমকে গ্রেফতার করা হয়েছে।