লামায় গৃহবধূকে পিটিয়ে হত্যা
লামা (বান্দরবান) সংবাদদাতা
প্রকাশ : ০৭ আগস্ট ২০১৩, ২১:৫২
লামায় পারিবারিক কলহের জের ধরে নূর কলি (১৮) নামক এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সন্ধ্যায় লামা উপজেলাধীন চকরিয়া বমু মুখ এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় ঘাতক মো: শাহেদ মিয়া গৃহবধূর স্বামী মো: আব্দুর রহিমকে গ্রেফতার করেছে। নিহত নূর কলির বড় ভাই রহমত উল্লাহ জানান, মঙ্গলবার বিকালে ইফতারের (ছোলা) সিদ্ধ না করার কারণে দু’স্ত্রী নূর কলি ও শামসুন নাহারকে বকাঝকা করে স্বামী আব্দুর রহিম বাজারে চলে যায়। এরি সূত্রধরে বড় স্ত্রীর ২ ছেলে মো: শাহিদ মিয়া (২০) ও শাকের মিয়া (১২) সন্ধ্যায় সত্ মা নূর কলিকে পিটিয়ে হত্যা করে। গতকাল বুধবার সকালে চকরিয়া থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। চকরিয়া থানা পুলিশ জানান, এ ঘটনায় নিহতের বড় ভাই নূর কলির স্বামী মো: আব্দুর রহিম ও তার দু’ছেলে মো: শাহেদ মিয়া ও শাকের মিয়াকে আসামি করে হত্যা মামলা করেছে।