চন্দনাইশে পিটুনিতে ছিনতাইকারী নিহত

গত ৫ আগষ্ট রাতে চট্টগ্রামের চন্দনাইশে উপজেলার গাছবাড়িয়া-বরকল সড়কের বাংলাবাজার এলাকায় জনতার গণপিটুনীতে এক ছিনতাইকারী নিহত ও অপরজন গুরুতর আহত হয়েছে। জাকের আহমদের ছেলে মোহাম্মদ ইদ্রিছ (২৩), নিহত এবং সায়ের আহমদের ছেলে মোহাম্মদ ফারুক (২৫) আহত হয়েছে। উভয়ের বাড়ি আনোয়ারার বরুমছড়া এলাকায়। যাত্রীবেশী একদল ছিনতাইকারী উপজেলার পাঠানদণ্ডি এলাকায় সিএনজি চালক ওসমান আলীকে ছুরিকাঘাত করে তার অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। আহত ওসমান ঘটনা মোবাইল ফোনে চারিদিকে জানিয়ে দিলে বাংলাবাজার এলাকায় বিক্ষুব্ধ জনতা অটোরিকশাটি আটক করে ছিনতাইকারীদের গণপিটুনী দেয়। চন্দনাইশ থানা পুলিশ ছিনতাইকারীদের আটক করে চিকিত্সার জন্য চমেক হাসপাতালে ভর্তি করা করে। রাতে চিকিত্সাধীন অবস্থায় ইদ্রিছ মারা যায়। চন্দনাইশ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ খালেদ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।