কসবায় সীমান্ত হাট চালু করতে দুই দেশের বৈঠক
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
প্রকাশ : ০৭ আগস্ট ২০১৩, ২১:৫৪
ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলা ভারত সীমান্তের ২০৩৯ পিলারের কাছে সীমান্ত হাট বসবে। সোমবার ভারত ও বাংলাদেশের প্রশাসনিক কর্মকর্তাদের একটি বৈঠক ভারতের ত্রিপুরা রাজ্যের কমলা সাগর এলাকার কুমিল্লা ভিউ টরিষ্ট লজে অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ও সীমান্ত হাট কমিটির আহবায়ক নাজমা বেগম। ভারতের পক্ষে নেতৃত্ব দেন ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহী জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) শ্রী দুলাল দাস। বৈঠকে আরো উপস্থিত ছিলেন কসবা উপজেলা নির্বাহী অফিসার জালাল সাইফুর রহমান, কসবা পৌরসভার মেয়র মুহাম্মদ ইলিয়াছ, কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম, কাষ্টমস এ্যন্ড রেভিনিউ অফিসার ইয়াছিন আলী সরকার, কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল আলম তালুকদার, কসবা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার আবদুস সালাম।
বৈঠকে সিদ্ধান্ত গৃহিত হয়েছে কসবা উপজেলা সদরের ভারত সীমান্তের ২০৩৯ পিলারের কাছে ভারত ও বাংলাদেশের যৌথ মালিকানাধীন ৭৫ বর্গমিটার ভূমির উপর এ মার্কেট নির্মাণ করা হবে। ভারত সরকারের অর্থায়নে সীমান্ত মার্কেটের সেড, টিউবওয়েল, টয়লেটসহ যাবতীয় স্থাপনা নির্মাণ করা হবে। প্রত্যেক বৃহস্পতিবার বেলা দেড়টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত মার্কেটে কেনা-বেচা হবে। দুই দেশের ২৫ জন করে ৫০ জন বিক্রেতা মার্কেটে মালামাল বিক্রয় করবেন।