‘মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হতে হবে’

ইরানের আল-মোস্তফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহাম্মদ আলী রেজাঈ বলেছেন, বিশ্ব দরবারে ইসলামকে একটি সন্ত্রাসী ধর্ম হিসাবে প্রতিষ্ঠা করার অপচেষ্টা করা হচ্ছে। এটা অত্যন্ত দুঃখজনক। বুধবার ইসলামিক ফাউন্ডেশনের আগারগাঁও প্রধান কার্যালয়ে ফাউন্ডেশনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় বাংলাদেশস্থ ইরানের রাষ্ট্রদূত হোসেন আমিনিয়ান তৌসি উপস্থিত ছিলেন। মুহাম্মদ আলী রেজাঈ বলেন, ইসলাম ধর্মের মধ্যে কিছু বিপথগামী লোকের জন্য আজ ইসলাম ধর্মের সুনাম ব্যাহত হচ্ছে। ইসলামের সঠিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে পারলে এর হাত থেকে ইসলামকে রক্ষা করা যাবে। তিনি বলেন, এখন আর বসে থাকার সময় নয়। সারাবিশ্বে উন্নতি, প্রগতি ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মুসলিম উম্মাহকে এক হতে হবে। অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের ডিজি শামীম মোহাম্মদ আফজাল বলেন, সারাবিশ্বের শান্তি প্রতিষ্ঠায় মুসলমানদের এক সাথে কাজ করতে হবে।