কবি শাহেদ হত্যা চেষ্টাকারীদের শাস্তি দাবি

কবি শাহেদ কায়েসকে হত্যা চেষ্টায় অপহরণ ও কুপিয়ে মারাত্মকভাবে জখমকারীদের অনতিবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন দেশের সচেতন রাজনৈতিক ও সাংস্কৃতিক নেতা-কর্মীরা। বুধবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে শ্রুতি সাংস্কৃতিক একাডেমী আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তারা এ দাবি জানান। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মানবাধিকার কর্মী ও শ্রুতির পরিচালক ধীমান সাহা জুয়েল। সংগঠনের নীতি নির্ধারণী সদস্য রনজিত কুমারের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, গণতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়ক সাইফুল হক, বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক।