মাওয়া ঘাটে ভিন্ন চিত্র!
প্রকাশ : ০৭ আগস্ট ২০১৩, ২২:২২
এবারের ঈদে মাওয়া ঘাটের চিত্র একেবারে আলাদা। যাত্রীশূন্য হয়ে পড়েছে মাওয়া ঘাট। ঈদে ঘরমুখো মানুষের তেমন কোন চাপ নেই বললেই চলে। ঈদের আর মাত্র একদিন বাকি থাকলেও দেশের দক্ষিণ অঞ্চলের অন্যতম এই প্রবেশদ্বারে যাত্রী পারাপারে তেমন কোন প্রভাব পড়েনি। অথচ গত বছরও এই সময়ে মাওয়া ঘাটে মানুষের ঢল নেমেছিল।
বুধবার মাওয়া ঘাট ঘুরে দেখা যায়, ঘাটে নেই কোন যানজট। ফেরির জন্য গাড়ির তেমন কোন লাইন নেই। বাস থেকে যাত্রীরা নেমে সরাসরি চলে যাচ্ছে লঞ্চ ও সিবোট ঘাটে। টোল ফ্রি থাকায় কোন প্রকার টোল ছাড়াই যাত্রীরা লঞ্চে করে অতি সহজে ও ভিড়বিহীনভাবে নদী পাড়ি দিচ্ছেন। ফেরিঘাটে চোখে পড়েনি তেমন কোন দীর্ঘ লাইন ও যানজট।
বিআইডব্লিউটিসি মাওয়া অফিসের ম্যানেজার সিরাজুল ইসলাম জানান, আমার চাকরি জীবনে এত সুন্দর অবস্থায় ফেরি ঘাট দেখিনি।
লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. অহিদুল ইসলাম জানান, ঈদে দক্ষিণাঞ্চলগামী ২১টি জেলার হাজার হাজার মানুষের পারাপারের সুবিধার্থে সব রকম ব্যবস্থা নেয়া হয়েছে।
লৌহজং থানার ওসি জাকিউর রহমান জানান, ঘাটে যাত্রী পারাপারে ঝামেলা এড়াতে নিরাপত্তার জন্য পর্যাপ্ত আইন-শৃঙ্খলার ব্যবস্থা রাখা হয়েছে। মাওয়াকে যানজট মুক্ত রাখতে ১০ কিলোমিটার দূরে শ্রীনগর উপজেলার ছনবাড়ি নামক স্থানে পণ্য বোঝাই ট্রাকগুলো আটকিয়ে দেয়া হচ্ছে।