পোশাকের সঙ্গে চাই প্রসাধনীও
প্রকাশ : ০৭ আগস্ট ২০১৩, ২৩:০৫
আজ চাঁদ উঠলে কাল ঈদ। তারপরও যেন শেষ হচ্ছে না নগরবাসীর কেনাকাটা। গতকাল নিউমার্কেটে গিয়ে প্রচণ্ড ভিড় দেখা গেল। এছাড়া ধানমন্ডি, পান্থপথ, মালিবাগ, মিরপুর, গুলশান প্রভৃতি এলাকার শপিংমলগুলোতেও ছিল শেষ সময়ের কেনাকাটার তোড়জোর। তবে শেষ মুহূর্তে পোশাক এর চেয়ে লিপিস্টিক, পারফিউমসহ নানা ধরনের প্রসাধন সামগ্রী কিনতে ব্যস্ত দেখা গেল অনেককেই।
গতকাল পারফিউমের দোকানে দেখা গেছে, তরুণ-তরুণীসহ নানা বয়সের মানুষের ভিড়। ইয়ার্ডলি বডি স্প্রে, জেসমিন, ডোভ, ফা, ব্লুলেডি প্রভৃতি পারফিউমের প্রতি ক্রেতাদের আকর্ষণ বেশি বলে জানালেন নিউমার্কেটের বিক্রেতা সালাউদ্দিন। এ সকল পারফিউমের দাম শুরু ৩শ’ টাকা থেকে। আর বসুন্ধরা সিটিসহ নগরীর অভিজাত এলাকায় ক্রিস্টিয়ান ডিওর, নিনো রিচি, কেলভিন ক্লেইন, আর্মানি, হট ওয়াটার, ভর্সাচে, টমিগার্ল প্রভৃতি ব্র্যান্ডের পারফিউম বিক্রি হচ্ছে বেশি। এ সকল পারফিউমের দাম শুরু ৫ হাজার টাকা থেকে। বসুন্ধরা সিটির ‘এক্সটেসি’তে পারফিউম কিনতে আসা পায়েল বলেন, দিন দিন বাড়ছে পারফিউমের দাম। না কিনেও উপায় নেই কারণ এটা না ব্যবহার করলে ফ্রেস লাগে না। ঈদের দিনে ফ্রেস তো থাকা চাই।
নিউমার্কেটের একটি দোকানে পোশাকের সঙ্গে মিলিয়ে ব্রেসলেট কিনছেন সিটি কলেজের শিক্ষার্থী রিমা। ডিজাইন করা চুড়ি ও কানের দুল পছন্দ রিমার। তবে এই দোকানে ব্রেসলেট তার ভাল লেগেছে, যদিও দামটা একটু বেশি। আজই ঢাকা ছাড়বেন জুয়েল। রাতে তার বাস, তাই অফিস ছেড়ে সোজা চলে এসেছেন এলিফ্যান্ট রোডে। ক্যাটস্ আই থেকে তিনি বরাবরই বাবার জন্য শার্ট কেনেন। নিজের আর বাবার জন্য একজোরা শার্ট কিনলেন ২৪শ’ টাকা দিয়ে।
আবার সব কেনা হয়ে গেলেও কেউ আসছে ঈদের সকালে পড়ার জন্য চটি স্যান্ডেল কিনতে। তেমনই একজন রাফিজা সোলাইমান, থাকেন ঝিকাতলায়। মা রহিমা সোলাইমানকে নিয়ে রাইফেল স্কয়ারে এসেছেন স্যান্ডেল কিনতে। যদিও জুতা কেনা হয়ে গেছে তাদের, তারপরও মনে হল ঈদের দিন সারাবেলা পরার জন্য এক জোড়া স্যান্ডেল হলে মন্দ হয় না। ব্যাস চলে এলেন।
একই রকম ক্রেতা পাওয়া গেছে নিউমার্কেটের ক্রোকারিজ বিক্রেতাদের দোকানে। এখানে জাফরিন দম্পতি এসেছেন ঈদের দিনের খাওয়ার জন্য এক সেট ভাল মানের প্লেট কেনার জন্য। আর প্রিয়া এসেছেন আদাবর থেকে গৃহকর্মীদের জন্য গয়না কিনতে। প্রিয়া বলেন, আমি আগেই কাপড় কিনেছি। আজ এসেছি গয়নাগাটি কিনতে। এইসব কেনাকাটার জন্য নিউমার্কেটই বেস্ট বলে মন্তব্য করলেন প্রিয়া।
মেহেদী লাগানোর ধুম : ধানমন্ডির পারসোনাতে গতকাল ছিল মেহেদী পরার ধুম। এই ব্রাঞ্চের ম্যানেজার রেশমা আক্তার জানান, আজও তাদের মেহেদী পরার গ্রাহক বেশি থাকবে। মেয়েরা হাতের উভয় পিঠে, পায়ে এবং ট্যাটুর মতো করে বাহুতে ও পিঠে মেহেদী পরে বলে জানান রেশমা। কে কতটা মেহেদী পরবে তার উপর খরচ নির্ভর করে। ডিজাইন ভেদে মেহেদী লাগাতে ৩শ’ থেকে ২৫শ’ টাকা পর্যন্ত খরচ হবে। বাঙালিদের দেখে হাতে মেহেদী পরছেন ফ্রান্সের লিয়া । লিয়া বলেন, ডিজাইন আর রঙ আমাকে আকর্ষণ করেছে । তাই মেহেদী পরছি।