ডিজিএফআইয়ের ডিজিসহ তিন ব্রিগেডিয়ার জেনারেলের পদোন্নতি
প্রকাশ : ০৭ আগস্ট ২০১৩, ২৩:০৯
সেনাবাহিনীর ডিজিএফআইয়ের ডিজিসহ তিন ব্রিগেডিয়ার জেনারেল মেজর জেনারেল পদে পদোন্নতি পেয়েছেন। এর পাশাপাশি তিনজন মেজর জেনারেলকে রদবদল করা হয়েছে। এছাড়া নৌবাহিনীর দুইজন কমোডরকে রিয়ার অ্যাডিমিরাল পদে পদোন্নতি দেয়া হয়েছে। গতকাল প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে পদোন্নতি সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি হয়। ডিজিএফআইয়ের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আকবর হোসাইনকে মেজর জেনারেল পদে পদোন্নতি দেয়া হয়েছে। ৫২ ইনফেন্ট্রি ব্রিগেডের ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমানকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে ক্যান্টনমেন্ট লগ এরিয়ার কম্যানডেন্ট হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। ডিজিএফআইয়ের ব্রিগেডিয়ার জেনারেল এসএম মতিউর রহমানকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে।
এছাড়া মেজর জেনারেল আবুল কালাম মো. হুমায়ন কবীরকে স্কুল অব ইনফেন্ট্রি অ্যান্ড ট্যাকটিস (এসআই অ্যান্ডটি) থেকে জিওসি আরডক, মেজর জেনারেল হামিদুর রহমান চৌধুরীকে সেনাবাহিনীর লগ এরিয়া থেকে কম্যানডেন্ট এসআইঅ্যান্ড টি, মেজর জেনারেল শফিকুর রহমানকে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি থেকে ১৯ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে।
নৌবাহিনীর এসিএনএস (পি) কমোডর মকবুল হোসেনকে রিয়ার অ্যাডমিরাল পদে পদোন্নতি দেয়া হয়েছে। নৌ সদর দফতরের কমোডর সাইফুল কবীরকে রিয়ার অ্যাডমিরাল পদে পদোন্নতি দেয়া হয়েছে।