‘কথিত’ র্যাব সোর্সের ভয়ে লিমন এবারও নিজ বাড়িতে ঈদ করতে পারছেন না

‘কথিত’ র্যাবের সোর্সদের ভয়ে এ বছরও নিজ বাড়িতে ঈদ করছেন না র্যাবের গুলিতে পঙ্গু জেলার রাজাপুর উপজেলার লিমন হোসেন। মা-বাবা ও ভাই-বোন নিয়ে কাউখালির ভাড়া বাসায় ঈদ করবেন বলে তিনি গত মঙ্গলবার সাংবাদিকদের জানিয়েছেন। এবারের ঈদে এক হূদয়বান ব্যক্তির দেয়া একটি টি-শার্ট ছাড়া তার আর কোন নতুন পোশাকের ব্যবস্থা হয়নি। লিমন হোসেন বলেন, মানুষ দূর-দূরান্ত থেকে কত কষ্ট করে নিজ বাড়িতে ঈদ করতে আসেন। আর আমি এলাকার ‘কথিত’ র্যাবের সোর্সদের ভয়ে নিজ বাড়িতে গিয়ে ঈদ করতে পারি না। এর চেয়ে বড় কষ্ট আর কি হতে পারে? তিনি বলেন, গত ঈদের দিন অনেক ভয়ে গ্রামের বাড়িতে ঈদ করতে গিয়েছিলাম। সেখানে ‘কথিত’ র্যাবের সোর্স লিডার ইব্রাহিম আমার মা ও ভাই-বোনকে মারধর করে। এ সময় তাদের হামলায় আমার কানের পর্দা ফেটে যায়। আমার কানের অপারেশন করে এখনো চিকিত্সা চলছে। এরপরেও বিভিন্ন সময়ে আমাদের হুমকি দেয়া হয়েছে। বাড়িতে আমাদের জীবনের নিরাপত্তা পর্যন্ত নেই। লিমনের মা হেনোয়ারা বেগম বলেন, এলাকার র্যাবের সোর্স হিসেবে পরিচয় দেয়া মনির জমাদ্দার ও লিডার ইব্রাহিমের ভয়ে গত এক বছর ধরে আমরা গ্রামের বাড়িতে যেতে পারিনি। ভাড়া বাড়িতে কষ্ট করে থাকতে হচ্ছে। এবারে লিমনের ঈদ উদযাপন সম্পর্কে তিনি বলেন, এক হূদয়বান ব্যক্তি ঈদ উপলক্ষে লিমনকে একটি টি-শার্ট দিয়েছেন। এটি পরেই লিমন ঈদ করতে চায়। এছাড়া তাকে কিছু কিনে দেয়ার মতো আমাদের কোন সম্বল নেই।