বিদেশি দলগুলোর জন্য পাকিস্তান এখনো নিরাপদ নয়

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক প্রধান শাহরিয়ার খান বলেছেন, আন্তর্জাতিক দলগুলোর সফরের জন্য পাকিস্তান এখনো যথেষ্ট নিরাপদ নয়। সাবেক প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের কাছ থেকে নিয়োগ পেয়ে ২০০৩-২০০৬ সাল পর্যন্ত পিসিবি প্রধানের দায়িত্ব পালন করা খান টাইমস অব ইন্ডিয়ার কাছে এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘অদূর ভবিষ্যতে কোন আন্তর্জাতিক দল পাকিস্তান সফরে আসার সম্ভাবনা দেখছি না।’ সাবেক পিসিবি প্রধান বলেন, ‘পাকিস্তানে ক্রিকেট বাঁচিয়ে রাখতে হলে এটার গুরুত্ব সবচেয়ে বেশি। ক্রিকেটের মত আর কিছুই জাতিকে ঐক্যবদ্ধ করতে পারে না। এমনকি জাতির জনক জিন্নাহও না। একজন ব্যাংকার থেকে একজন উটারোহী পাকিস্তানের সর্বস্তরের জনগণ ক্রিকেটকে ভালোবাসে। যেমনটা আছে ভারতেও। তবে আন্তর্জাতিক দলগুলোর নিরাপত্তা নিয়ে হুমকি হলো বাস্তবতা। যদি শ্রীলংকা দলের উপর আক্রমণ হতে পারে তা হলে অন্য যেকোন দলের উপরও এটি হতে পারে।’ নিরাপত্তা শংকাই পাকিস্তানকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে সরিয়ে রেখেছে উল্লেখ করে খান বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়ে আনতে হলে পাকিস্তানকে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।’ লাহোরে ২০০৯ সালে শ্রীলংকা দলকে বহনকারি বাসে হামলার পর থেকে পাকিস্তানে কোন আন্তর্জাতিক ক্রিকেট অনুষ্ঠিত হচ্ছে না। লাহোর হামলার পর থেকে পাকিস্তান তাদের হোম সিরিজগুলো মূলত সংযুক্ত আরব আমিরাতের দুবাই এবং আবুধাবীর মত নিরপেক্ষ ভেন্যুতে খেলে আসছে। শাহরিয়ার খান বলেন, ‘বিদেশি দলগুলোর আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে পিসিবি অনূর্ধ্ব-১৯ অথবা অনূর্ধ্ব-২১ টুর্নামেন্ট আয়োজন শুরু করতে পারত।’-বাসস